দুর্গাপদ মল্লিক ও তাঁর ছেলে বিধান মল্লিক
দুর্গাপদ মল্লিক ও তাঁর ছেলে বিধান মল্লিক

মোটরসাইকেলে বাবাকে নিয়ে গ্রামে যাচ্ছিলেন ছেলে, পিকআপের ধাক্কায় গেল দুজনের প্রাণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তাঁর ছেলে বিধান মল্লিক (৪৭)। তাঁরা চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। আজ সকালে মোটরসাইকেলে তাঁরা আনোয়ারায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে বিধান মল্লিক এ মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তাঁর বাবা। সকালে মোটরসাইকেলটি শাহ আমানত সেতু পার হলে পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ঘটনাস্থলেই বাবা নিহত হন। আর হাসপাতালে আনার পর ছেলের মৃত্যু হয়েছে। দুজনের লাশ মর্গে রাখা হয়েছে।