
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের একটি কাতলা মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪৮ হাজার ৫০০ টাকায়। আজ বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি আনা হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, আজ বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সুকান্ত হালদার ও তাঁর দল জাল ফেলে। ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের কাছাকাছি জাল ফেলে অপেক্ষা করতে করতে সকাল ৬টার দিকে তাঁদের জালে ঝাঁকি দিয়ে বুঝতে পারেন যে কিছু বড় মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখা মেলে বড় একটি কাতলা মাছ। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। বড় মাছটি দেখে অনেক উৎসুক ব্যবসায়ী ও লোকজন ভিড় করেন। মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, প্রতিদিনের মতো আজও তিনি সকালে বাজারে মাছ কিনতে যান। রেজাউল মণ্ডলের আড়তের সামনে মানুষের ভিড় দেখতে পান। সেখানে পদ্মার কাতলা মাছ বিক্রির প্রস্তুতি দেখামাত্র তিনি নিলামে অংশগ্রহণ করেন। মাছটির ওজন প্রায় ২৫ কেজি ৫০০ গ্রাম। সর্বোচ্চ দরদাতা হয়ে তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৯০০ টাকায় কিনে নেন। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পানিতে রেখে দেন এবং বিভিন্ন পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে থাকেন।
চান্দু মোল্লা বলেন, এই মৌসুমে এত বড় কাতলা মাছ আগে দেখা যায়নি। এটি পদ্মা নদীর সবচেয়ে বড় কাতলা মাছ হতে পারে বলে তিনি মনে করেন। পরে মুঠোফোনে যোগাযোগের পর ঢাকার গুলশানের এক ব্যবসায়ী কেজিতে ১০০ টাকা লাভ দিয়ে ৪৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। দুপুরের দিকে মাছটি ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।