ফরিদপুর জেলা পরিষদ 

ভবন পড়ে আছে ১৩ বছর

জেলা পরিষদের নজরদারি না থাকায় দোতলা ভবনটি নেশাগ্রস্তদের আখড়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। 

ভবন অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়ছে। সেখানে মাদকসেবীদের আড্ডা বসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় সোহরাওয়ার্দী সরোবরের পূর্ব পাশে
ছবি: প্রথম আলো

ফরিদপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বাস ভবনের নির্মাণকাজ শেষ হয় ২০০৯ সালে। তবে ১৩ বছর কেটে গেলেও ভবনটিতে কোনো প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেননি।  

এদিকে দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ছে। এ ছাড়া জেলা পরিষদের নজরদারি না থাকায় দোতলা ভবনটি নেশাগ্রস্তদের আখড়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। 

জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের টেপাখোলা এলাকায় সোহরাওয়ার্দী সরোবরের পূর্ব পাশে ভবনটি নির্মাণকাজ শুরু হয় ২০০৬-০৭ অর্থবছরে। জেলা পরিষদের তত্ত্বাবধানে ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স আর আর কনস্ট্রাকশন। ২০০৮-০৯ অর্থবছরে নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান জেলা পরিষদকে ভবনটি বুঝিয়ে দেয়। 

কোন প্রেক্ষাপটে ওই ভবন নির্মাণ করা হলো এবং কেন ১৩ বছর ধরে সেটি অব্যবহৃত, সে সম্পর্কে তদন্ত দেখতে চাই।
আওলাদ হোসেন, সভাপতি, ফরিদপুর নাগরিক মঞ্চ

এ সম্পর্কে ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, ‘যার জন্য ভবনটি নির্মাণ করা হয়েছিল, ভবনটি তাঁর ব্যবহার করা উচিত। ভবনটি নেশাগ্রস্ত ও অপরাধীদের আখড়া হয়ে উঠেছে। আমাদের মতো গরিব দেশে এ রকম রাষ্ট্রীয় অপচয় কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। কোন প্রেক্ষাপটে প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য ওই ভবন নির্মাণ করা হলো এবং কেন ১৩ বছর ধরে সেটি অব্যবহৃত, সে সম্পর্কে তদন্ত দেখতে চাই।’ 

তবে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ওই ভবন নির্মাণ-সংক্রান্ত ফাইলটি পাওয়া যায়নি। ফলে কোন প্রেক্ষাপটে এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বসবাসের জন্য ভিন্ন আবাসন থাকা সত্ত্বেও ভবনটি কোন যুক্তিতে নির্মাণ করা হলো, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কে ফরিদপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ফজল বলেন, ‘ওই ভবন নির্মাণ-সংক্রান্ত ফাইলটি খুঁজে পাইনি। অনেক দিন আগের ব্যাপার, ওই সময়ের কর্মকর্তারাও কেউ নেই। তাই এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব নয়।’ 

১০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, ভবনের মূল ফটকে কলাপসিবল গেটের সঙ্গে একটি তালা ঝুলছে। তবে ভবনের চারপাশে জানালার থাই গ্লাস ভাঙা। ভবনের পূর্ব পাশে একটি জানালার গিল কাটা। ভেতরের কাঠের দরজা-জানালা ভাঙা। খোঁজ নিয়ে জানা যায়, ফ্যান, লাইটসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র চুরি হয়ে গেছে।

ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনের পূর্ব পাশের জানালার গ্রিলের কাটা অংশ দিয়ে সন্ধ্যার পর এলাকার তরুণ ও যুবকেরা ভেতরে ঢোকেন। তাঁরা গাঁজা ও ইয়াবা সেবন করেন। 

ওই ভবনের চত্বরে ছাপড়া তুলে বসবাস করেন শাহানা বেগম (৫৪) নামের এক নারী। তিনি বলেন, ভবনটি পাহারা দেওয়া হলে নেশাগ্রস্ত লোকজন আসতে পারত না। জিনিসপত্রও চুরি হতো না। 

এ সম্পর্কে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘ভবনটি নির্মাণ করা হলো, কিন্তু তারপরও কোনো প্রধান নির্বাহী কর্মকর্তা ওই ভবনে কেন থাকলেন না, বিষয়টি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। পাশাপাশি এটাও বাস্তবতা, আমরা যাঁরা জেলা শহরে কাজে আসি, তাঁদের পক্ষে পরিবার নিয়ে বসবাসের সুযোগ কম।’ 

মুজিবুর রহমান আরও বলেন, সোহরাওয়ার্দী সরোবর এবং এর আশপাশে জেলা পরিষদের জায়গা নিয়ে শহরের সৌন্দর্যবর্ধনের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। ওই প্রকল্প শুরু হলে অব্যবহৃত ভবনটি কিছু মেরামত করে প্রথমে প্রকল্প কর্মকর্তার আবাসন ও পরে বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা যেতে পারে। বিশ্রামাগারের জন্য নির্ধারিত ভাড়ার ব্যবস্থা করে আয়ের পথও হতে পারে।