
নরসিংদীর শিবপুর উপজেলায় বাড়িতে ঢুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে (৭০) গুলি করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। রোববার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং শিবপুর থানার পুলিশ নরসিংদী ও শিবপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গতকাল শনিবার সকাল সোয়া ছয়টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে নিজের বাড়িতে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন হারুনুর রশিদ খান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল দুপুরেই তাঁর পিঠে (মেরুদণ্ড–সংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে হাসপাতালটিতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তিনি। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিও।
জিজ্ঞাসাবাদের জন্য আটক চারজন হলেন শিবপুরের পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ফরিদ সরকার (৬৩) ও সিরাজ মোল্লার ছেলে মোমেন মোল্লা (৫৯) এবং সৈয়দনগর এলাকার রোকন উদ্দিনের ছেলে সাব্বির মিয়া (৩২) ও আয়েছ আলীর ছেলে মনসুর আহমেদ রানা (৪৩)।
এ ব্যাপারে জানতে চাইলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার প্রথম আলোকে জানান, সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পেতে ওই চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার এলাকার সড়কের পাশের একটি নির্জন বাড়ি থেকে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।