
বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডাকাত দলের সদস্যরা বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে অর্থ, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী হাফিজ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাত দলে ৮ থেকে ১০ জন সদস্য ছিল। সবাই ছিল মুখোশপরা। গ্রিল কেটে বাড়িতে ঢোকেই সবাইকে বেঁধে ফেলে তারা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
হাফিজ হাওলাদার বলেন, ‘ডাকাত দলের সবাই কিশোর বয়সী। তাদের পরনে ছিল জিনসের প্যান্ট ও টি–শার্ট। যারা ডাকাতি করতে এসেছিল, তারা সবাই শুদ্ধ ভাষায় কথা বলছিল। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও অন্য অস্ত্র ছিল। আমি চেষ্টা করছিলাম ওদের প্রতিহত করার জন্য। কিন্তু আমাকে ওরা মারতে উদ্ধত হলে আমার মেয়ে ডাকাতদের থামিয়ে সব নিয়ে যেতে বলে। এক ঘণ্টার মতো ডাকাতেরা আমার বাড়িতে তাণ্ডব চালায়। যাওয়ার সময় এই বলে শাসায়, চিৎকার করলে জানালা দিয়ে গুলি করব, রাস্তায় দেখলেও গুলি করব।’
ঘটনাটিকে পরিকল্পিত মনে করছেন হাফিজ হাওলাদার। বিষয়টি বরিশাল কোতোয়ালি মডেল থানায় অবহিত করেছেন তিনি। বাড়ির সবাই এখনো আতঙ্কিত বলে জানান এ ব্যবসায়ী।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো মামলা হয়নি।
হাফিজ হাওলাদারের স্ত্রী (নাম বলেননি) বলেন, ‘ডাকাত দলটি প্রথমে আমাদের ড্রয়িংরুমে ঢোকে। এরপর আমার মেয়ের কক্ষে যায়। সে চিৎকার শুরু করলে মেরে ফেলার হুমকি দেয়। পরে তাকে নিয়ে আমাদের রুমে ঢোকে সবাইকে বেঁধে ফেলে। আমার স্বামী চিৎকার দিলে তাঁকে বারবার গুলি করতে চায় ডাকাত সদস্যরা। পরে তাঁকে চিৎকার না করতে ওয়াদা করায় তারা। কথা না শুনলে আমাদের মেয়েকে ধর্ষণ করবে বলে হুমকি দেয়। তারপর তারা ঘরের মধ্যে লুটপাট করে চলে যায়।’