
নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদলের নেতা টিপু সুলতানকে (৩৪) পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার জামতলী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা টিপু সুলতানকে মারধর করেছেন বলে দাবি করছেন বিএনপির নেতা-কর্মীরা।
টিপু সুলতান উপজেলার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার বড়িয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বলেন, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি; ভোলায় বিএনপির নেতাকে হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশে যোগদানের জন্য টিপু সুলতান সকালে বাড়ি থেকে বের হন। তিনি জামতলী বাজারে পৌঁছালে আওয়ামী লীগের কয়েকজন টিপু সুলতানকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁর বাঁ পা ভেঙে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব দাউদার মাহমুদ বলেন, ‘আমাদের প্রতিবাদ সমাবেশ বানচাল করতে আওয়ামী লীগের গুন্ডারা মোড়ে মোড়ে আমাদের নেতা-কর্মীদের বাধা দিয়েছেন। নেতা-কর্মীদের মধ্যে ভীতিকর অবস্থা সৃষ্টি করতেই টিপুকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। এ ছাড়া সমাবেশের আগে চৌগ্রাম বাস টার্মিনালে রাস্তার ওপর দাঁড়িয়ে গাড়ি ও মোটরসাইকেল চেকিং করছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।’
অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, ঘটনার সময় চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সব নেতা-কর্মী সিংড়া বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন। যুবদলের নেতাকে কে বা কারা মেরেছেন, সেটা তিনি জানেন না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা বিএনপি-জামায়াতকে নৈরাজ্য করতে দেব না। শোকের মাসে কোনো প্রোগ্রাম করতে দেব না। কেউ করতে এলে তা প্রতিহত করা হবে।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ‘জামতলীতে একটি মারপিটের খবর শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সেটা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’