
বগুড়ার কাহালু উপজেলায় পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০)। অন্য তিনজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পিকআপ ভ্যান ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মাছ পরিবহনের কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান নওগাঁ থেকে মাছ খালাস করে বগুড়ার দিকে ফিরছিল। অন্যদিকে বগুড়া থেকে একটি পণ্যবাহী ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। পিকআপে চালক, চালকের সহকারীসহ মোট চারজন ছিলেন। পিকআপ ভ্যান ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ও ট্রাক থানা-পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। চারজনের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।