
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যানটিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। সহকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রের ডরমেটরিতে নিচতলায় ডাইনিংয়ের পাশে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হতো। যে কোনোভাবে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ডাইনিংয়ে খাওয়ার সময় ১২ জন দগ্ধ হয়েছেন। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের পাইনি।’
ওসমান গনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না শেষে চুলা বন্ধ না করা অথবা সিলিন্ডারের নজেল বা পাইপের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাঁদের দগ্ধ হওয়ার মাত্রা পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।