কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দাউদকান্দি মডেল থানার মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশের তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।
আটক পিকআপ চালক জাকারিয়া ইদ্রিস (৪৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আজ শুক্রবার দুপুর ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিল। চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তল্লাশির সময় পিকআপের ছাদের ভেতরের অংশে স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা একটি গোপন স্থান দেখা যায়। সেখান থেকে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে রাখা ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।