
এলাকায় গরুর ব্যাপারী হিসেবে পরিচিত শিশির মণ্ডল (৩২)। গরু আনা–নেওয়ার জন্য তিনি একাধিক ট্রাকও কিনেছেন। তবে পুলিশের কাছে ধরা পড়ার পর জানা গেল, গরুবোঝাই ট্রাক ছিনতাই করাই তাঁর পেশা। খালি ট্রাক সড়কে আড়াআড়িভাবে ট্রাক রেখে গরুবোঝাই ট্রাক ছিনতাই করতেন শিশির ও তাঁর সহযোগীরা।
গতকাল বৃহস্পতিবার রাতে শিশির মণ্ডল ও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ২২টি গরু ও তিনটি ট্রাক। আজ শুক্রবার সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারার মির্জাপুর গ্রামের শিশির মণ্ডল, নাটোরের বড়াইগ্রামের ফজলে রাব্বি (২৬), লালপুরের সেকেন্দার আলী (৪০), বগুড়ার গাবতলীর সেকেন্দার আলী (৪০), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রাসেল ব্যাপারী (৩০) ও মাদারিপুরের ফারুক হোসেন (৪০)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, গত ৩০ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়ক থেকে ১৩টি গরুসহ একটি ট্রাক ও ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে অজ্ঞাত দুর্বৃত্তরা। একটি খালি ট্রাক সড়কে আড়াআড়িভাবে রেখে গরুবোঝাই ট্রাকটি ছিনতাই করা হয়। এ ঘটনায় গরুর মালিক সিরাজগঞ্জের ফুলবয়রা গ্রামের গরু ব্যবসায়ী মোহাম্মদ আলী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।
এ ঘটনার এক সপ্তাহ পর ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে একই মহাসড়কে কয়েন গোরস্তানের সামনে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে ১০টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় টাঙ্গাইল জেলার গরুর ব্যাপারী শাহিনুর ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।
পুলিশ জানায়, দুটি মামলা হওয়ার পর বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবসহ তাঁর একটি দল তদন্তে নামে। তাঁরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে বড়াইগ্রামের ফজলে রাব্বিকে গ্রেপ্তার করেন। পরে রাব্বির দেওয়া তথ্য অনুযায়ী লালপুর থেকে সেকেন্দার আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বি ও সেকেন্দার জানান, ছিনতাই হওয়া গরু ও গরু ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবস্থান করছেন। পরে গতকাল রাতভর অভিযান চালিয়ে পুলিশ ভেড়ামারার ২২টি বাড়ি থেকে ২২টি গরু উদ্ধার করে এবং ছিনতাই চক্রের দলনেতা শিশির মণ্ডলসহ তাঁর অন্য তিন সহযোগীকে গ্রেপ্তার করে।
এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ট্রাক, ছিনতাই করা দুটি ট্রাক ও এক লাখ টাকা উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বড়াইগ্রাম আমলী আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁদের জামিনের আবেদন নাকোচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা গরু ছিনতাই চক্রের সদস্য। তাদের দলনেতা শিশির মণ্ডল। তিনি এলাকায় শিশির ব্যাপারী হিসেবে পরিচিত। শিশির ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সাবেক চেয়ারম্যানের ছেলে। ছিনতাই কাজে ব্যবহারের জন্য তিনি একাধিক ট্রাক কিনেছেন। মহাসড়কে ট্রাক আড়াআড়িভাবে রেখে তিনি সহযোগীদের নিয়ে গরুবোঝাই ট্রাক ছিনতাই করতেন। তাঁকে আটকের পর ভেড়ামারা এলাকার লোকজন স্বস্তি প্রকাশ করেছেন।