অসহনীয় লোডশেডিংয়ে বেশি ভুগতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। পরিস্থিতির উন্নতি না হলে পথে বসতে হবে তাঁদের।
শিল্প–অধ্যুষিত গাজীপুর জেলায় ঘণ্টার পর ঘণ্টা চলছে বিদ্যুতের লোডশেডিং। এতে জনজীবন যেমন অতিষ্ঠ, তেমনি ব্যহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। বিদ্যুতের ওপর নির্ভরশীল ছোট ছোট উদ্যোক্তারা পড়েছেন মারাত্মক ক্ষতির মুখে। বিদ্যুতের জোগান নেমে এসেছে চাহিদার প্রায় অর্ধেকে। এই অবস্থা থেকে কবে পরিত্রাণ মিলবে, তা বলতে পারছেন কেউই।
শ্রীপুর উপজেলার রাজাবাড়ি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের বাড়িতে ছোট আকারে মুরগির খামার রয়েছে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। খামারে এরই মধ্যে ডিমের উৎপাদন অনেক কমে গেছে।
উপজেলার গাজীপুর ইউনিয়নে চাল, হলুদ–মরিচ ভাঙানোর ব্যবসা করেন জসীম উদ্দিন। তাঁর ব্যবসার অবস্থাও ভালো না। জসীম বলেন, ‘সারাদিন তো কারেন্টই থাকে না। আমার ব্যবসা লাটে ওঠার দশা। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত ব্যবসা টিকিয়ে রাখাই সম্ভব হবে না।’
জেলার পল্লী বিদ্যুৎ সমিতিগুলো থেকে পাওয়া হিসাব অনুযায়ী, কোনো এলাকাতেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ঘাটতির পরিমাণ অনেক। গাজীপুর সিটি করপোরেশন, কালিয়াকৈর, কালীগঞ্জ ও জয়দেবপুর এলাকায় শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি। এখানে বিদ্যুতের চাহিদাও বেশি, ৪৬২ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ২২৫ মেগাওয়াট। এসব এলাকা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর আওতাধীন। সেখান থেকে জানা যায়, ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকায় এলাকাভিত্তিক ৭ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং দিতে হচ্ছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর আওতাধীন গাজীপুর সদর ও শ্রীপুরের একাংশে এবং কাপাসিয়া উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৪০ মেগাওয়াট। এখানে লোডশেডিং সর্বোচ্চ ৫০ মেগাওয়াট। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির-২–এর শ্রীপুর ও মাওনা আঞ্চলিক কার্যালয় আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১৫০ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১০০ মেগাওয়াট। ওই এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে ৫০-৬০ মেগাওয়াট। আট থেকে নয় ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর আওতাধীন কালিয়াকৈর উপজেলায় চাহিদা ২০০ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে ১২০ মেগাওয়াট। সেখানে লোডশেডিং দেওয়া হচ্ছে ৮০ মেগাওয়াট। ওই এলাকায় শিল্পকারখানা রয়েছে চার শতাধিক। ওই এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে গড়ে সাত থেকে আট ঘণ্টা।
গ্রামাঞ্চলের কিছু এলাকা থেকে অভিযোগ পাওয়া গেছে, গাজীপুরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে গ্রামকে বেশি বঞ্চিত করা হচ্ছে। তবে এমন অভিযোগের সঙ্গে একমত নন গাজীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) যুবরাজ চন্দ্র পাল। প্রথম আলোকে তিনি বলেন, কয়েক মাস আগে লোডশেডিংয়ের যে তালিকা তৈরি করা হয়েছিল, সেই অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় শিডিউল মানা যাচ্ছে না। অনেক সময় একটু বেশিই লোডশেডিং দিতে হচ্ছে। গ্রাম ও শহরের ক্ষেত্রে একই নিয়ম মানা হচ্ছে। এক মাসের মধ্যে বিদ্যুতের অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
কালিয়াকৈর উপজেলার মেদি গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘দোকানে দুইটি ফ্রিজ আছে। একটিতে আইসক্রিম আর অন্যটিতে কোমালপানীয় বিক্রি করতাম। কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দোকানে এখন আইসক্রিম বিক্রি করা বন্ধ করে দিয়েছি।’
বিদ্যুতের চলমান অবস্থায় ছোট ছোট কারখানাগুলো পথে বসার উপক্রম হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার সাদত সরকার। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘গাজীপুরে বিদ্যুতের কারণে শিল্পকারখানার উৎপাদন অনেক কমে গেছে। আমরা বেশ কয়েকবার পল্লী বিদ্যুৎ সমিতিকে জানিয়েছি বিদ্যুতের বরাদ্দ বাড়ানোর জন্য। গাজীপুরের বড় কারখানাগুলো কিছুটা সামাল দিতে পারলেও ছোট ছোট কারখানাগুলো পথে বসার অবস্থা সৃষ্টি হয়েছে।’