১ কোটি ৮০ লাখ টাকার দুটি ‘রেসকিউ বোট’ সাড়ে চার বছর ধরে পড়ে আছে

সাড়ে চার বছরেও বোটগুলো কোনো উদ্ধারকাজে ব্যবহার করা হয়নি। দুজন চালক ছিলেন, তাঁরাও দায়িত্ব ছেড়ে চলে গেছেন।

বন্যা ও পাহাড়ি ঢলে দুর্গত মানুষের জীবন বাঁচাতে শেরপুর জেলার জন্য দুটি আধুনিক রেসকিউ বোট (উদ্ধারকারী নৌযান) বরাদ্দ দিয়েছিল সরকার। সাড়ে চার বছর আগে বরাদ্দ দেওয়া দুটি বোট কখনো ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন নদীর পাড়ে অযত্নে পড়ে থাকায় বোট দুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, চুরি হয়েছে মূল্যবান যন্ত্রাংশ।

শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বন্যায় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে সদর উপজেলার নিম্নাঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। দুর্গত মানুষকে দ্রুত উদ্ধারে ও জরুরি সেবা দিতে ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি প্রকল্পের মাধ্যমে গজনী-১ ও গজনী-২ নামের দুটি মাল্টিপারপাস (বহুমুখী ব্যবহার উপযোগী) রেসকিউ বোট বরাদ্দ দেওয়া হয়। এ জন্য ব্যয় হয় ১ কোটি ৮০ লাখ টাকা। প্রতিটি বোটের যাত্রী ধারণক্ষমতা ৮০ জন। দৈর্ঘ্য ৫৪ ফুট ও প্রস্থ সাড়ে ১২ ফুট।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রায় তিন বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। বোট দুটি পরিচালনার জন্য কোনো টাকা বরাদ্দ নেই। এগুলো চালাতে জ্বালানি তেলের প্রয়োজন হলেও তার জন্য বরাদ্দ পাওয়া যায়নি। বেতন না পেয়ে দুই চালকও দায়িত্ব ছেড়ে চলে গেছেন। বোট দুটি সচল করতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সেগুলো সংস্কার করে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

বোট দুটি পড়ে আছে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর মোহনায়।

কামারেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ব্যবহার না হওয়ায় বোটগুলো দিন দিন নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংস্কার করে বোট দুটি উদ্ধারকাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হলে বন্যার সময় মানুষের উপকার হবে।

নদীতে পড়ে থেকে নষ্ট হচ্ছে বোট

গত ২৮ অক্টোবর ভাটিপাড়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর মোহনায় গিয়ে দেখা যায়, একটি বোটের কিছু অংশ তীরে ও কিছু অংশ পানিতে ভাসমান রয়েছে। অন্যটি প্রায় ডুবে আছে। দীর্ঘদিন রোদবৃষ্টি ও পানিতে পড়ে থাকায় বোট দুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে। চুরি হয়েছে কিছু মূল্যবান যন্ত্রাংশও।

কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর চরের বাসিন্দা কাদের মিয়া আক্ষেপ করে বলেন, ‘এই বোটডা আইন্যা এইহানে রাইখ্যা দিছে, কিন্তু কোনো দিন তো মানুষ পারাপার করতে দেখলাম না। বন্যায় মানুষজন নিজেরাই নাও (নৌকা) নিয়ে চলাচল করে। দীর্ঘদিন পড়ে থাকায় বোট দুইটা নষ্ট অইয়া গেছে। বিপদের কথা বিবেচনা কইরা সরকার এত টাকা খরচ করছে, কিন্তু এ এলাকার মানুষের এক দিনের লাইগাও কাজে লাগছে না।’

বোট দুটি পরিচালনার জন্য কোনো টাকা বরাদ্দ নেই। এগুলো চালাতে জ্বালানি তেলের প্রয়োজন হলেও বরাদ্দ পাওয়া যায়নি। বেতন না পেয়ে দুই চালকও দায়িত্ব ছেড়ে চলে গেছেন।
মো. রোকনুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, শেরপুর

কামারেরচরের পয়াস্তিরচর এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বর্ষায় প্রতিবছর গ্রামের রাস্তাঘাট পানিতে ডুবে যায়। তখন গ্রামটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। বোট দুটি সচল থাকলে বন্যার সময় অসুস্থ মানুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহরে নেওয়া সহজ হতো। কিন্তু মানুষের প্রয়োজনে না এসে বোট দুটি এখন নিজেরাই নষ্ট হচ্ছে।

বেতন না পেয়ে দায়িত্ব ছাড়েন চালকেরা

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বোট দুটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য শুরুতে মাস্টাররোলে (অস্থায়ী) সাইদুল ইসলাম ও সমেশ সাংমা নামের দুজনকে চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁরা দেড় বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে পাঁচ মাসের বেতন পেলেও বাকি ১৩ মাসের বেতন-ভাতা পাননি। পরে ২০২৩ সালের অক্টোবরে তাঁরা দায়িত্ব ছেড়ে চলে যান। এর পর থেকে বোট দুটি কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে আছে। নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।

সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেতনের বিষয়ে অফিসে জানতে চাইলে ‘দিচ্ছি, দেব’ বলে আশ্বাস দেওয়া হতো। কিন্তু দীর্ঘদিন বেতন না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়ে তাঁকে দায়িত্ব ছাড়তে হয়েছে।

রেসকিউ বোট সচল রাখতে নিয়মিত চালানো, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যন্ত্রাংশের যত্ন নেওয়া প্রয়োজন বলে জানান বোটের চালক সমেশ সাংমা। তিনি বলেন, দীর্ঘদিন তদারকি না থাকায় বোট দুটি নষ্ট হচ্ছে। কিছু যন্ত্রাংশ হারিয়ে যাওয়ার কথাও শুনেছেন। সংস্কার ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিলে অল্প সময়ের মধ্যেই বোট দুটি আবার উদ্ধারকাজে ব্যবহার করা সম্ভব বলে জানান তিনি।