জুড়ীতে রাস্তা ভেঙে নদীতে 

স্বেচ্ছাশ্রমে ১২০ ফুট সাঁকো

স্থানীয় বাসিন্দাদের কাছে সেতুটি ‘বাঁশর পুল’ নামে পরিচিত। ওই এলাকায় ভাঙনে শুধু রাস্তা নয়, ১০-১৫টি বাড়িঘরও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

রাস্তা ভেঙে নদীগর্ভে। স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে ভাঙনকবলিত স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। গত মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ীর জুড়ীরপাড় এলাকায়
 ছবি: প্রথম আলো

নদীর পাড় ছিল চলাচলের রাস্তা। কয়েক বছর আগে ভাঙনে ওই রাস্তা নদীগর্ভে চলে যায়। এতে দুর্ভোগে পড়েন লোকজন। এ পরিস্থিতিতে তাঁরা চলাচলের জন্য স্বেচ্ছাশ্রমে প্রতিবছর ভাঙনকবলিত স্থানে বাঁশ দিয়ে প্রায় ১২০ ফুট লম্বা সাঁকো নির্মাণ করেন। স্থানীয় বাসিন্দাদের কাছে সেতুটি ‘বাঁশর পুল’ নামে পরিচিত। ওই এলাকায় ভাঙনে শুধু রাস্তা নয়; ১০-১৫টি বাড়িঘরও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের জুড়ী নদীতীরবর্তী জুড়ীরপাড় এলাকার দৃশ্য এটি।

সরেজমিনে গত মঙ্গলবার বিকেলে দেখা যায়, জুড়ীর পাড়ের এক পাশ দিয়ে জুড়ী নদী প্রবাহিত। একটি স্থানে নদীর বড় বাঁক রয়েছে। এলাকার বাসিন্দা খলিল মিয়ার বাড়ির সামনের রাস্তায় বড় একটি ভাঙন। ওই বাড়ি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে বাঁশের খুঁটি পুঁতে সেটির ওপর বাঁশের ছোট ছোট খণ্ড বিছিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। বাঁশের খণ্ডের ওপর ফেলা হয়েছে ঘাস ও মাটি। সাঁকোটি প্রায় আট ফুট চওড়া। এর ওপর দিয়ে লোকজন হেঁটে চলাচল করছেন।

এলাকাবাসী বলেন, ভাঙনকবলিত স্থানটির বিপরীত পাশে ১০টি পরিবারের লোকজন থাকেন। খলিল মিয়ার বাড়ির সামনের রাস্তা ছাড়া এসব পরিবারের লোকজনের চলাচলের আর কোনো বিকল্প নেই। চার-পাঁচ বছর আগে এ স্থানে ভাঙন সৃষ্টি হয়। এরপর ১০ পরিবারের লোকজন স্বেচ্ছাশ্রমে সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করেন। বৃষ্টিতে বাঁশ পচে যায়। এতে প্রতিবছর নতুন করে সাঁকো নির্মাণ করতে হয়। এ সাঁকো তৈরিতে বাঁশ ও তার কিনতে ১৫-২০ হাজার টাকা খরচ পড়ে। ১০ পরিবারের লোকজন চাঁদা তুলে এসব উপকরণ কেনেন।

স্থানীয় বাসিন্দা ওয়াই-ফাইয়ের লাইনম্যান জাকির হোসেনদের বাড়িও ভাঙনকবলিত স্থানের বিপরীত পাশে। জাকির বললেন, ‘এইটাই (সাঁকো) আমরার চলাচলর একমাত্র ভরসা।’

ওই স্থানের পাশে নদীর বাঁকের কাছে লিয়াকত আলীদের বাড়ি। একসময় প্রবহমান নদীতেই তাঁদের বাড়িঘর ছিল। ভাঙনে চারবার বাড়ি স্থানান্তর করতে হয়েছে। তাঁদের প্রায় এক একর জমি ছিল। এখন আছে ১০-১৫ শতাংশ। বাকি জমি নদীতে চলে গেছে।

পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুক উদ্দিন বলেন, কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজন গিয়ে জুড়ীরপাড় এলাকার নদীভাঙনের তথ্য নিয়ে যান। তখন তাঁরা বলেছিলেন, ভাঙন প্রতিরোধে বড় প্রকল্প হচ্ছে। এরপর আর কিছু জানা যায়নি।

পাউবোর মৌলভীবাজার জেলা কার্যালয়ের একটি সূত্র জানায়, জুড়ী নদীর বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে ২০১৯-২০ অর্থবছরে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় ১৭৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে করোনার কারণে এ প্রকল্প বন্ধ হয়ে যায়।

 জুড়ীর থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন গতকাল বুধবার বলেন, জুড়ী নদীর ভাঙন প্রতিরোধে প্রকল্প নেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে এখন এটি কী পর্যায়ে আছে, জানা নেই। সম্প্রতি তিনি সরেজমিনে জুড়ীরপাড় এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শনে যান। সেখানে প্রায় ২০০ মিটার জায়গায় ভাঙন রয়েছে। ওই স্থানে সিসি ব্লক স্থাপন করা ছাড়া ভাঙন ঠেকানো সম্ভব হবে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।