হোমিও চিকিৎসক আনোয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করার পর মরদেহ দেখতে ভিড় করেন স্বজন ও স্থানীয় লোকজন। গতকাল রাত বুধবার রাতে নাটোর সদর হাসপাতালে
হোমিও চিকিৎসক আনোয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করার পর মরদেহ দেখতে ভিড় করেন স্বজন ও স্থানীয় লোকজন। গতকাল রাত বুধবার রাতে নাটোর সদর হাসপাতালে

নাটোরে বৃষ্টির মধ্যে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোরে চেম্বারে ঢুকে আনোয়ারুল ইসলাম (৪৬) নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে চাঁদপুর বাজারে আনোয়ারুল ইসলামের নিজস্ব চেম্বার আছে। গতকাল রাত আটটার দিকে ভারী বৃষ্টি হচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়।

বৃষ্টি কিছুটা কমার পর আশপাশের লোকজন চেম্বারের মেঝেতে আনোয়ারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা চেম্বারে ঢুকে চিকিৎসককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। মামলার প্রস্তুতি চলছে।
মনসুর রহমান, নাটোর সদর থানার ওসি

চাঁদপুর বাজারের এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সন্ধ্যার পর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। এ কারণে বাজার অনেকটা ফাঁকা ছিল। বৃষ্টি কমার পর আনোয়ারুলের মৃত্যুর বিষয়টি জানা যায়।

খবর পেয়ে সদর থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গতকাল রাত পৌনে ৮টা থেকে ৮টা ৫ মিনিটের মধ্যে হত্যার ঘটনাটি ঘটে বলে ধারণা করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান। তিনি বলেন, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা চেম্বারে ঢুকে চিকিৎসককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। মামলার প্রস্তুতি চলছে।