আদালতে সাক্ষ্য দিতে না আসায় পুলিশ কর্মকর্তার বেতন বন্ধের আদেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পঞ্চগড়ে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও আদালতে সাক্ষ্য দিতে না আসায় মামলার তদন্তকারী কর্মকর্তার বেতন–ভাতা বন্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এ আদেশ দেন।

মামলার সাক্ষ্য দিতে না আসা ওই পুলিশ কর্মকর্তার নাম মো. শহিদুর রহমান। মামলা দায়েরের সময় তিনি পঞ্চগড়ের বোদা থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জের ভৈরব থানায় একই পদে কর্মরত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুমারপাড়া এলাকার শেখ মোজাম্মেল হক নামের এক ব্যক্তি জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আদালতে একটি মামলা করেন। মামলায় স্থানীয় ছয়জনকে আসামি করা হয়। মামলাটি ওই বছরের ৭ মার্চ বোদা থানায় এজাহারভুক্ত হয়। বোদা থানার তৎকালীন এসআই শহিদুর রহমান মামলাটির তদন্ত করে ওই বছরের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটির দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ইতিমধ্যে আটজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। শুধু মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুর রহমানের সাক্ষ্য নেওয়া বাকি। আদালত থেকে বারবার নোটিশ দেওয়ার পরও তিনি সাক্ষ্য দিতে না আসায় মামলাটি নিষ্পত্তির ক্ষেত্রে সময়ক্ষেপণ ও বাদী-বিবাদী পক্ষ হয়রানির শিকার হচ্ছিল। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুর রহমানের সাক্ষ্য দেওয়ার নির্ধারিত দিন ছিল। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় তাঁর বেতন–ভাতা বন্ধের আদেশ দেন বিচারক।

আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল ইসলাম বলেন, আদালতের আদেশটি পঞ্চগড়ের পুলিশ সুপার, রংপুর পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় ও পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে।

এ বিষয়ে এসআই মো. শহিদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি বদলিজনিত কারণে সময়মতো সাক্ষ্য দেওয়ার নোটিশ পাননি। তা ছাড়া পঞ্চগড় থেকে অনেক দূরে থাকায় সময়মতো সাক্ষ্য দিতে আসতে পারেননি। মামলার নির্ধারিত তারিখ আগামী ১৩ নভেম্বর তিনি সাক্ষ্য দিতে আসবেন বলে জানান।