লালমনিরহাট জেলা কারাগারে বন্দী থাকা যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট জেলার মানচিত্র
লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাট জেলা কারাগারে বন্দী যুবলীগ নেতা নাজমুল ইসলাম (৩৮) মারা গেছেন। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। জেল সুপার বলছেন, হার্ট অ্যাটাকে নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে।

নাজমুল ইসলাম অর্থঋণ আদালত আইন-২০০৩ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হন। চলতি বছরের ২৩ জুলাই থেকে তিনি লালমনিরহাট জেলা কারাগারে ছিলেন। নাজমুল হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার মৃত সোলেমান গনির ছেলে। তিনি টংভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

লালমনিরহাটের জেল সুপার ওমর ফারুক বলেন, নাজমুল মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। এরপর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে।

ওমর ফারুক আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর সদর হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত করা হবে। এরপর তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জেলা কারা কর্তৃপক্ষ ঘটনাটি জানে। সব প্রক্রিয়া অনুসরণ করে লাশ বুধবার পরিবারের সদস্যদের হস্তান্তর করা হতে পারে।