বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলের নেতা–কর্মীদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে শহরের গোপালপুরের জেলা পাড়া এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতা–কর্মীরা সমবেত হন। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে শিমুল বিশ্বাসের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতা–কর্মীরা। মিছিলটি পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আবদুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মুসা সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ, সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিনা ভোটে নির্বাচিত বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখতে নানা কৌশল করে যাচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের নামে একের পর এক গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপির নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবির আন্দোলনকে থামিয়ে দিতে কেন্দ্রীয় নেতাদের বিনা অপরাধে কারাগারে আটকে রেখেছে। সরকারের এই দমন–পীড়ন নীতিতে দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যেকোনো সময় মানুষ রাস্তায় নামবে। তাই অবিলম্বে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ অন্য বিএনপি নেতাদের মুক্তির দাবি করা হচ্ছে। একই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি করা হচ্ছে। অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।
সভাপতির বক্তব্যে এ কে এম মুসা বলেন, যত চেষ্টাই করুক, অবৈধ এই সরকারের আর সময় নেই। নেতা-কর্মীদের জেলে আটকে রেখে সরকার গদি রক্ষা করতে পারবে না। তাই ঝড় ওঠার আগেই সরকার নেতা–কর্মীদের মুক্তি দিয়ে বিএনপির দাবি মেনে নেবে বলে আমরা প্রত্যাশা করি।