
চট্টগ্রামের পটিয়ায় উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া এলাকার আলী আহমদ ডিলারের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া শ্রমিকেরা হলেন দক্ষিণ আশিয়া এলাকার আবদুল আলীমের ছেলে মো. তারেক (২২) ও মৃত সোলাইমানের ছেলে মো. নাজিম উদ্দিন (২৯)। বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস ও পুলিশের।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল আটটার দিকে দোতলা নির্মাণাধীন বাড়িটির সেপটিক ট্যাংকে কাজ করতে প্রথমে দুই শ্রমিকের একজন ঢোকেন। তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে উদ্ধারের জন্য অন্যজন সেখানে ঢুকলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করতে না পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। এরপর ফায়ার সার্ভিস দুজনের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের কর্মকর্তা রাজেশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিস খবর পায়। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাঁর ধারণা, বিষাক্ত গ্যাসের প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক প্রদীপ দে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।