
কক্সবাজার থেকে ৭৫ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। ওড়ার প্রায় আধা ঘণ্টা পর বিমানের পেছনের একটি চাকায় ত্রুটি দেখা দেয়। ঢাকার আকাশে কয়েকবার চক্কর দেওয়ার পর এটি যোগাযোগ করে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে। বড় ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অবশেষে নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ উড়োজাহাজটি এমন দুর্ঘটনায় পড়েছিল। বিমানটির সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন বলে জানা গেছে। জানা যায়, ৭৫ যাত্রী নিয়ে উড়োজাহাজটি আজ বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন নিয়ে সমস্যায় পড়তে হয়নি। পেছনের চাকার সমস্যা নিয়ে যা হয়েছে, তা ঢাকার আকাশে হয়েছে। যদিও শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে বিমানটি।
বিমানের একটি সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের অন্তত ৩০ মিনিট পর উড়োজাহাজটির পেছনের একটি চাকায় ত্রুটি দেখা দেয়। বিষয়টি জানতে পেরে বিমানের পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ঘোষণা দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
পরিস্থিতি মোকাবিলায় ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত ছিল। বিকেল ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে জরুরি অবতরণ করলে যাত্রীদের নামানো হয়। উড়োজাহাজের ক্রুরাও নিরাপদ রয়েছেন।
প্রায় আধঘণ্টা রানওয়ে বন্ধ থাকায় ওই সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় সাময়িক বিঘ্ন ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচল আবার শুরু হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য পরিচালনগত ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়। তবে সব যাত্রী ও উড়োজাহাজের ক্রু সদস্য নিরাপদে পৌঁছেছেন। ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা ও পরিচালনগত মান বজায় রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।