
বরগুনার পাথরঘাটা উপজেলায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় ইজিবাইকের যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার লেমুয়া-শতকর সড়কের আল ইকরা মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম পারুল বেগম (৩৫)। তিনি বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের হিরণ মিয়ার স্ত্রী। আর নিহত ছেলে আবদুল্লাহ (৪) পারুল-হিরণ দম্পতির একমাত্র সন্তান। শিশুসন্তানকে নিয়ে ইজিবাইকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন পারুল।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, পারুল বেগম তাঁর ছেলে আবদুল্লাহকে নিয়ে ইজিবাইকে পিরোজপুরের মঠবাড়িয়ায় যাওয়ার পথে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া-শতকর সড়কে পৌঁছালে ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয় শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান টমটম। এতে ইজিবাইক থেকে ছিটকে সড়কের ওপর পড়ে মা ও ছেলে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে লেমুয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে এবং পরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর টমটমচালক পালিয়ে যাওয়ায় তাঁর নাম–পরিচয় জানা যায়নি।
রায়হানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মইনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গ্রাম পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে টমটম ও ইজিবাইক দুটি জব্দ করে ইউনিয়ন পরিষদে এনে রেখেছেন। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।