
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ও সন্ধ্যায় কাজলী ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাস দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি।
কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল মিয়া নামের এক ব্যবসায়ীর দুটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে রাখা ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চন্দ্রা এলাকায় কাজলী ফিলিং স্টেশনের পাশে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজমেরী পরিবহন লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘ওই দুই গাড়ির (বাস) মালিক একজনই। তাঁর দুটি গাড়ি অনেকদিন ধরে বসা (চলাচল বন্ধ)। শুনেছি তিনি গাড়ির কাজ (মেরামত) করাচ্ছিলেন। সেই পড়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে।’
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, দুটি ঘটনায়ই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এতে কেউ হতাহত হননি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, একই মালিকের দুটি বাস দুই–তিন মাস ধরে সেখানে ফেলে রাখা হয়েছিল। বাস দুটিতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রাংশ ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।