
ঢাকার সাভারে গত সোমবার দিবাগত রাতে উপজেলার একটি গ্রামে পরিবারের সদস্যদের অচেতন করে এক কিশোরীর হাত-পা বেঁধে ধর্ষণ ও মালামাল লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তারের পর আজ শুক্রবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এক দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক মোছা. কামরুন নাহার।
গ্রেপ্তার তিনজন হলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য হাবিব উল্লাহর ছেলে আবদুর রশিদ (৩০) এবং স্থানীয় রবি উল্লাহর ছেলে মো. কামাল (৪০) ও দ্বীন মোহাম্মদ (৩৭)। ধর্ষণ ও বাড়িতে লুটের ঘটনায় কিশোরীর বড় ভাই গত মঙ্গলবার অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছিলেন। মামলায় সন্দেহভাজন হিসেবে চার প্রতিবেশীর নামও উল্লেখ করেছিলেন বাদী। গ্রেপ্তার তিনজনই এর মধ্যে রয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে ভুক্তভোগী কিশোরীর পরিবারের সবাই রাত সাড়ে ১০টার দিকে খাওয়া শেষ করে নিজ নিজ কক্ষে চলে যান। খাওয়ার পর সবাই অসুস্থ বোধ করছিলেন। একপর্যায়ে সবাই ঘুমিয়ে যান। রাত দেড়টার দিকে তিন ব্যক্তি কিশোরীর কক্ষে প্রবেশ করে তাকে ডেকে তোলেন। এরপর হাত-পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে ধর্ষণ করেন তাঁরা। ভোররাতের দিকে চলে যান ধর্ষণকারীরা। পরে কৌশলে বাঁধন খুলে মাকে ডেকে ঘটনা খুলে বলে কিশোরী। তার মা–বাবার কক্ষেও গ্রিল কাটা এবং কক্ষের জিনিসপত্র এলোমেলো দেখতে পাওয়া যায়।
ধর্ষণকারীরা ঘরের আলমারি থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, একটি সোনার চেইন, আংটি ও তিনটি মুঠোফোন নিয়ে গেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও তাঁর মা–বাবাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ছাড়া কিশোরীর ভাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ওই কিশোরীর ভাই মামলায় উল্লেখ করেন, প্রতিবেশী মো. কামাল, দ্বীন মোহাম্মদ, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ ও মো. মাজাহারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল ভুক্তভোগী পরিবারের। বিভিন্ন সময় তাঁরা পরিবারটিকে এলাকায় থাকতে দেবেন না বলে হুমকি দিচ্ছিলেন। তাই সন্দেহ করা হচ্ছে, ওই ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল মোল্লা প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে লুটের চর গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মামলায় সন্দেভাজন হিসেবে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। মেয়েটি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। তাঁর মা–বাবা চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। তাঁদের অসুস্থতার জন্য খাবারে চেতনানাশক কিছু মেশানো ছিল নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা জানার চেষ্টা চলছে।