বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

জমিতে পানি দিতে তার টানতে গিয়ে ছেলের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।

নিহত দুজন হলেন দক্ষিণ নলুয়া গ্রামের রিনা বেগম (৬৫) ও তাঁর ছেলে রাসেল খান (৪০)। রিনা বেগম প্রয়াত সেনাসদস্য শাহাদাত হোসেন খানের স্ত্রী। রাসেল খান তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তিনি বিবাহিত এবং দুই সন্তানের বাবা। ইলিয়টগঞ্জ এলাকায় তাঁর ব্যবসা ছিল।

প্রত্যক্ষদর্শী, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশে বালু দিয়ে ভরাট করা জমিতে পরিবারটির পাম্পের মাধ্যমে পানি দেওয়ার কথা ছিল। এ জন্য পাশের বৈদ্যুতিক খুঁটির তার থেকে সংযোগ নিচ্ছিলেন রাসেল। একপর্যায়ে তারটি হাতে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে বাঁচাতে গিয়ে মা রিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনই ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে থাকা এক স্বজন ঘটনাস্থলে গিয়ে রিনা ও রাসেলকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে ডাক দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

রাসেল খানের বড় ভাই শওকত খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মা ও ভাই একসঙ্গে মইরা গেল। এই কষ্ট ক্যামনে সামলামু। কারেন্টে আমাগো সব শেষ।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।