নিহত মুকুল বসুনিয়া ও শাকিব বসুনিয়ার লাশ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়
নিহত মুকুল বসুনিয়া ও শাকিব বসুনিয়ার লাশ রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়

দুজনকে বাস থেকে ফেলে হত্যা

‘ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না, গাড়ি আরও স্পিডে টান দিছে’

‘গাড়ি তো চলন্ত অবস্থায়। আমি ড্রাইভারের পা পর্যন্ত ধরছি, শোনে না। গাড়ি আরও স্পিডে টান দিছে। হেলপারটা এক হাতে আমার গলায় গামছা পলট দিয়া দুইজনকাকে গুড়ি (লাথি) দিয়া ফেলে দিছে।’ রংপুরের তারাগঞ্জে চলন্ত বাসে গলায় গামছা পেঁচিয়ে আটকে রাখা এবং দুই যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন আতিক বসুনিয়া।

রাতেই কথা হলো সকালে বাড়িতে আসবে। আমার স্বামীকে কেন মারল? আমি এখন কাকে নিয়ে বাঁচব?’
জাহিদা বেগম, নিহত শাকিবের স্ত্রী

ওই ঘটনার নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। এই দুজনের প্রতিবেশী চাচা আতিক বসুনিয়া। তিনি অভিযোগ করেন, বাসের চালক ও সহকারী মিলে তাঁকে আটকে রেখে ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা করেন।

আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের সঙ্গে আতিক বসুনিয়াও ছিলেন। তাঁর কাছে এক লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। মুকুল ও শাকিবকেও নামিয়ে দেওয়া হয়েছিল। শুধু আতিককে আটকে রাখা হয়। এ দেখে মুকুল ও শাকিব এগিয়ে যায়। তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও একটি মাইক্রোবাসের সহায়তায় বাসটি আটক করা হয়।

দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
বেনজির আহমেদ, ফায়ার ফাইটার, তারাগঞ্জ ফায়ার সার্ভিস

ওই সময়ের বর্ণনা দিয়ে আতিক বসুনিয়া বলেন, ‘যখন এরা (মুকুল ও শাকিব) আমার গলায় গামছা বাঁধা দেখছে, চলন্ত গাড়িতে লাফ দিয়ে উঠছে। তখন গাড়ি আরও স্পিডে টান দিছে। দুইজনকে দুইটা লাথি দিয়া ফেলায় দিছে। ড্রাইভার আমার কল্লার নিচ পাশে ঠাইসা ধরে থাপ্পড় দিছে। আমাক মারার জন্য প্ল্যান করছে। তারা কইতাছিল সামনে নিয়া ছুরি মাইরা ফেলাই দিব। এমন সময় পেছনে থাকা একটা মাইক্রোবাস সামনে গিয়া ব্রেক দিয়া দিছে। তখন লোকজন গাড়ি আটক দিয়া আমারে উদ্ধার করে।’

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে তাঁদের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
মোনাব্বর হোসেন, ইউএনও, তারাগঞ্জ

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

স্বামীর লাশ নিতে এসে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কান্নায় ভেঙে পড়েন শাকিবের স্ত্রী জাহিদা বেগম। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘রাতেই কথা হলো সকালে বাড়িতে আসবে। আমার স্বামীকে কেন মারল? আমি এখন কাকে নিয়ে বাঁচব?’

মুকুলের বাবা মহুবার হোসেন বলেন, ‘দুইটা টাকা রোজগারের জন্য ছেলেটা রাজমিস্ত্রির কাজে কুমিল্লা গেছিল। সকালে বাড়ি পৌঁছার কথা আসছিল, বাড়ি তো ঠিকই ফিরিল, কিন্তু লাশ হয়ে।’

ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি–তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক আজির হোসেন ও তাঁর সহকারী শফিক ইসলামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। তাঁরা মারধরের শিকার হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টাকার বিষয়টি পুলিশ শুনেছে, তবে তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।