অন্যের আঙিনায় শিশুর খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল বৃদ্ধার

হত্যা
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে পেটানোর এ ঘটনা ঘটে। রাত আটটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আনোয়ারা বেগম কুমারখালী গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারা বেগম প্রতিবেশী আতাউল হাওলাদারের সঙ্গে জমিজমাসহ নানান বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেলে আতাউলের ৪ বছর বয়সী এক ভাতিজি আনোয়ারা বেগমের বাড়ির সীমানায় খেলতে যান। এ সময় আনোয়ারার পুত্রবধূ শিল্পী বেগম ওই শিশুকে কটু কথা বলেন। এ নিয়ে আতাউলের স্ত্রী সাথী বেগমের সঙ্গে শিল্পীর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় আনোয়ারা বেগম এগিয়ে এলে তাঁকে আতাউল ও সাথী বেগম লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা।

অভিযোগ ব্যাপারে বক্তব্য জানতে আতাউলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।