
৫ কেজি ইউরিয়া সার ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কেউ ৫০ কেজির বস্তা কিনলে ১ হাজার ১৩০ টাকা দাম রাখা হচ্ছে।
‘এই বছর হামার খুব কষ্ট হইছে। আকাশত পানি নাই, তেলের দাম বাইরছে, কারেন্ট নাই। আবার সারের দামও বাড়িল। খরচ যেমন বাড়েছে, ধানের দাম কম, তাতে আবাদ করি কী হইবে, বুঝেছি না।’
নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই সর্দারপাড়া গ্রামের কৃষক মো. গুলজার রহমান (৪০) আমনখেতে কাজ করতে করতে এসব কথা বলেন।
গুলজার রহমান এবার পাঁচ বিঘা জমিতে আমন চারা রোপণ করেছেন। এ বছর ভালো বৃষ্টি হয়নি। তাই পানি সেচ দিতে হচ্ছে। সারা দিনে আট ঘণ্টা লোডশেডিং হয়। মোটর দিয়ে পানি দিলে সারা দিন মেশিনের কাছে থাকা লাগে। এ জন্য শ্যালো মেশিন বসিয়েছেন। তাতে খরচ আরও বেশি। এখন আবার জ্বালানি তেল আর ইউরিয়া সারের দাম বেড়েছে। এত খরচ করে আমন আবাদ করে যদি দেখেন ধানের দাম নেই, তখন দুর্ভোগের শেষ থাকবে না।
সদর উপজেলার কয়েকজন কৃষক বলেন, বর্ষা মৌসুমের আমন আবাদে সাধারণত সেচের কোনো প্রয়োজন হয় না। কিন্তু প্রয়োজনীয় বৃষ্টির অভাবে এ বছর সেচযন্ত্র বসিয়ে জমিতে সেচ দিতে হচ্ছে। এতে প্রতি বিঘা জমিতে সেচবাবদ তেলের আগের দাম অনুযায়ী খরচ হতো বাড়তি ৫০০ থেকে ৬০০ টাকা। বৃষ্টির পানিতে জমি চাষ দিলে চার চাষে জমি প্রস্তুত হয়। কিন্তু সেচ দিয়ে জমি চাষ করলে বাড়তি আরও সাতবার চাষ বেশি দিতে হচ্ছে। প্রতি চাষের জন্য বাড়তি খরচ হচ্ছে আরও ৯০০ টাকা। প্রতি বিঘা জমিতে তিন দফায় ৩০ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সরকারি দরে সার পেলেও প্রতি বিঘায় গুনতে হবে বাড়তি ১৮০ টাকা। যদিও খোলাবাজারে আরও বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষককে। এ ছাড়া প্রতি বিঘা জমিতে চারা রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত লাগবে আরও ৩ হাজার ৫০০ টাকা। তেলের দাম বাড়ায় খরচ আরও বাড়বে।
কৃষকেরা আরও বলেন, ইউরিয়া সারের দাম কেজিতে বাড়িয়ে ১৬ থেকে ২২ টাকা করা হয়েছে। কিন্তু এ দামে এলাকায় সার পাওয়া যাচ্ছে না। সিংদই গ্রামের আরেক কৃষক রশিদুল ইসলাম (৪৫) বলেন, ‘হামার কৃষকের চাইরো পাখে বিপদ। ৮০০ টাকা বস্তার ইউরিয়া সার ১ হাজার ১০০ টাকাতেও না দেয়। আবার তেলও বাড়ছে। সব জিনিসের দাম বাইরলে হামরা কোনঠে যামো।’
বাদিয়ার মোড় বাজারের খুচরা সার ব্যবসায়ী হিমেল ট্রেডার্সের মালিক নাজমুল হক বলেন, ‘আমরা প্রতি পাঁচ কেজি ইউরিয়া সার ১১০ টাকায় কিনে ১২০ টাকায় বিক্রি করছি। কেউ বস্তা হিসেবে কিনলে (৫০ কেজি) ১ হাজার ১৩০ টাকায় দিচ্ছি। কারণ, প্রতি বস্তা সার আমরা ১ হাজার ১০০ টাকায় কিনছি।’ তবে তিনি কোথা থেকে সার কিনেছেন, সে বিষয়ে কিছু বলেননি।
ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম জাকারিয়া বলেন, সরকারিভাবে সারের দাম বাড়লেও নতুন দামের সার এখনো বাজারে আসেনি। নতুন বরাদ্দ না আসা পর্যন্ত ব্যবসায়ীদের আগের দামে সার বিক্রি করতে হবে। পরিবেশক পর্যায়ে আগের দামে সার বিক্রি হচ্ছে।
বিসিআইসির সার পরিবেশক সাকিব এন্টারপ্রাইজের মালিক আজমাইন আদিল বলেন, সরকারিভাবে ইউরিয়া সারের দাম বাড়লেও নতুন বরাদ্দ না হওয়া পর্যন্ত তাঁরা আগের দাম অর্থাৎ ১৬ টাকা কেজি দরে বিক্রি করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এ বছর ১ লাখ ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত চারা রোপণ হয়েছে ৭৫ হাজার ৫৫ হেক্টর জমিতে। গত জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে ১৮১ দশমিক ৫ মিলিমিটার, যা আমন আবাদের জন্য প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ জন্য কৃষকদের সেচ দিতে হচ্ছে। প্রতি বিঘায় ২০ কেজি ধরে জেলায় ইউরিয়া সারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৯৬৫ মেট্রিক টন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সারের দাম ঠিক রাখতে তদারক করা হচ্ছে। প্রতিটি ডিলার পয়েন্টে মজুত পর্যবেক্ষণ চলছে। আগের মজুত করা সার বাড়তি দামে বিক্রির কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বৈশ্বিক বাজারে সারের দাম বাড়ায় দেশেও বেড়েছে। এ জন্য পরিমিত পরিমাণ সার ব্যবহার করতে হবে। অযথা বাড়তি সার ব্যবহার করে উৎপাদন খরচ বাড়ানোর প্রয়োজন নেই।