২০ বছর ধরে শিঙাড়া-চপ ভেজে সংসার চালান কাজল

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী হাটে গত ২০ বছর ধরে সিঙ্গাড়া, আলুর চপ ‍ও বেগুনি ভেজে বিক্রি করেন কাজল ভৌমিক
ছবি: প্রথম আলো

আশ্বিনের ভরদুপুর। সূর্যটা ঠিক মাথার ওপরে থেকে তাপ ছড়াচ্ছে। গ্রামের ছোট্ট হাটটিতে তখনো বেচাকেনা শুরু হয়নি। দু-একজন করে হাটে আসতে শুরু করেছেন। এর মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে কাজল ভৌমিকের। ছোট্ট একটি চালার নিচে বসে তিনি ভেজে চলেছেন শিঙাড়া, আলুর চপ ও বেগুনি। সেগুলো সাজিয়ে রাখছেন সামনের বড় অ্যালুমিনিয়ামের থালায়। হাটে লোকসমাগম যত বাড়তে থাকে, ব্যস্ততা ততই বাড়ে কাজলের। ২০ বছর ধরে এভাবে শিঙাড়া, আলুর চপ ভেজে চলেছেন তিনি।

ছোট্ট গ্রাম্য হাট বাকড়ী। শত বছরের পুরোনো হাটটিতে অস্থায়ী দোকানপাট আছে ৪০টির মতো। যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী হাট বসে সপ্তাহে দুই দিন—রোববার ও বুধবার। দুপুরে হাট বসে, সন্ধ্যায় ভাঙে। হাটে বাঁশের চাটাইয়ের তৈরি একটি চাল তুলেছেন কাজল। ওপরে পলিথিনের ছাউনি। মাটিতে কয়েকটি কংক্রিটের পিলার পোঁতা। তার ওপর সুপারিগাছ দিয়ে তৈরি মাচা। মাচার এক পাশে জ্বলছে স্টোভের চুলা। কড়াইতে তেলে ভাজা হচ্ছে শিঙাড়া, আলুর চপ ‍ও বেগুনি। সেগুলো সাজিয়ে রাখা হচ্ছে মাচার ওপরে থাকা বড় অ্যালুমিনিয়ামের থালার ওপর। পাশে অ্যালুমিনিয়ামের একটি গামলায় রয়েছে সেদ্ধ ছোলা। তার পাশে কয়েক প্যাকেট চানাচুর।

গতকাল বুধবার দুপুরে শিঙাড়া ভাজছিলেন কাজল ভৌমিক। কী পরিমাণ শিঙাড়া, আলুর চপ ও বেগুনি তৈরি করেন—জানতে চাইলে তিনি বলেন, ‘দেড় শ থেকে দুই শ শিঙাড়া, এক শ আলুর চপ এবং এক শ বেগুনি ভাজি। প্রতিটি পাঁচ টাকা করে বিক্রি করি। সব বিক্রি হয়ে যায়। এ ছাড়া দেড় কেজি ছোলা সেদ্ধ করে বিক্রি করি। কেজিখানেক চানাচুরও বিক্রি হয়।’

কাজল বলেন, ‘প্রতি হাটে আমার দুই কেজি বেসন, পাঁচ-ছয় কেজি ময়দা, চার লিটার সয়াবিন তেল ও চুলার জন্য দেড় লিটার কেরোসিন তেল লাগে। এখন সবকিছুর দাম বেড়েছে। আগে এক কেজি বেসনের দাম ছিল ৫০ টাকা, এখন তা ৮০ টাকা। ময়দার কেজি ছিল ৩০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৫৫ টাকা। ৬৫-৭০ টাকা লিটারের সয়াবিন তেল এখন ১৪০ টাকা, ৭০-৭৫ টাকা লিটারের কেরোসিন এখন ১২০ টাকায় কিনতে হচ্ছে। আগে হাটে সব মিলিয়ে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা থাকত। এখন ২০০ থেকে ২৫০ টাকার মতো থাকে।’

কাজল ভৌমিকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোড়ানাছ গ্রামে। স্ত্রী মারা গেছেন তিন বছর আগে। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলে–মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে বেকার, ছেলের বউ নার্সিং পড়ছেন। দেড় বিঘা জমি আছে তাঁর।

কাজল ভৌমিকের বয়স ৬৩ বছর। ২৩ বছর বয়স থেকে তিনি এলাকার ৩টি হাটে নিজের তৈরি চানাচুর বিক্রি করতেন। ২০ বছর চানাচুর বিক্রি করেছেন। এরপর শুরু করেন শিঙাড়া, আলুর চপ ও বেগুনি তৈরি করে বিক্রি করা। এলাকায় সপ্তাহে দুই দিন করে হাট বসে। তিনি আগে যশোর সদর উপজেলার বসুন্দিয়া, বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া ও বাকড়ী হাটে শিঙাড়া, আলুর চপ ও বেগুনি বিক্রি করতেন। স্ত্রীর মৃত্যুর পর তিন বছর ধরে শুধু বাকড়ী হাটে শিঙাড়া, আলুর চপ ও বেগুনি বিক্রি করেন।

কাজল বলেন, ‘স্ত্রী মারা যাওয়ার পর বাড়ির প্রায় সব কাজ আমাকে করতে হয়। এ জন্য দুই হাট বন্ধ করে দিয়েছি। রোববার ও বুধবার শুধু বাকড়ী হাট করি। বেসন, ময়দা ও তেলের দাম বেড়ে যাওয়াতে এখন খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু শিঙাড়া, আলুর চপ ও বেগুনির দাম আগের মতো পাঁচ টাকাই আছে। সংসারে খরচ অনেক বেড়েছে। খুব কষ্ট করে চলতে হচ্ছে। অন্য কোনো কাজ করতে পারি না। কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে এ কাজ করছি।’