
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আবদুস সালাম (৫৬) নামের বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম পটুয়াখালীর বাউফল উপজেলার আলতাফ বিশ্বাসের ছেলে। তিনি আমতলী উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুস সালাম নিজের কর্মস্থল আমতলী উপজেলা সদর থেকে মোটরসাইকেলে কলাপাড়া পৌর শহরের বাসভবনে ফিরছিলেন। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পলাশ ফিলিং স্টেশনের সামনে পৌঁছানোর পর সড়কের পাশে দাঁড় করানো একটি গাছবোঝাই টমটমের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে আবদুস সালাম মাটিতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছবোঝাই টমটমটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।