
কারও দুবেলা খাবারও জুটত না। টিউশনি করে নিজের খরচের টাকা নিজে ব্যবস্থা করে চালিয়ে যায় পড়াশোনা। এবার এসএসসি পরীক্ষায় সবাই পেয়েছে জিপিএ–৫। সেই অদম্যরা হলো নাটোরের সুমাইয়া, নওগাঁর রানিকা রাণী, ব্রাহ্মণবাড়িয়ার জেনিয়া আক্তার ও রাজবাড়ীর কাইছার হামিদ। এই ফলাফলে সবাই হাসলেও সামনের দিনগুলো নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। এরপরও মেধা আর শ্রম দিয়ে সাফল্যের সিঁড়িতে পা রাখতে চায় তারা।
নাটোর সদর উপজেলার হাঁড়িগাছা গ্রামের সাহাদত হোসেন ও শামীমা আক্তার দম্পতির দুই সন্তানের মধ্যে সুমাইয়া হোসেন বড়। পরিবারের আর্থিক অনটনের কারণে সপ্তম শ্রেণিতে পড়ার সময় মা–বাবা তার বিয়ে ঠিক করেন। তার আপত্তি সত্ত্বেও বিয়ের প্রস্তুতি চলছিল। শেষ পর্যন্ত লেখাপড়ার খরচ নিজেই ব্যবস্থা করবে, এমন প্রতিশ্রুতিতে পড়ালেখা করার অনুমতি দেওয়া হয়। বন্ধ হয় বিয়ে। সেই সুমাইয়া এবার ছাতনী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব কটি বিষয়ে জিপিএ–৫ পেয়েছে। সুমাইয়ার অসুস্থ বাবার নিজের আয়–উপার্জন নেই। এক বিঘা আবাদি জমি ও আত্মীয়স্বজনের সহযোগিতায় কোনোরকমে চলে তাদের সংসার। সুমাইয়া জানায়, নিজের পড়ালেখার পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের টিউশনি করাত সে। উচ্চশিক্ষা শেষ করে শিক্ষক হতে চায় সে।
ঠিকমতো দুবেলা খাবারও জোটে না রানিকা রাণীর পরিবারে। মায়ের সঙ্গে তাকেও দিনমজুরির কাজ করতে হয়। এবার এসএসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে রানিকা। তবে কলেজে পড়াশোনার টাকা জোগাড় নিয়ে পড়েছে দুশ্চিন্তায়। রানিকা নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বাড়ি ধামইরহাট পৌরসভার ফার্সিপাড়া এলাকায়। বাবা পেশায় চর্মকার। মা গৃহকর্মের কাজ করার পাশাপাশি মাঝেমধ্যে দিনমজুরের কাজ করেন। সংসারের প্রয়োজনে মায়ের সঙ্গে দিনমজুরির কাজ করতে হয় রানিকার। বড় ভাই স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। উচ্চশিক্ষা অর্জন করে চিকিৎসক হওয়ার ইচ্ছা রানিকার। তার বাবা শ্যামল রবিদাস বলেন, ‘ওর বান্ধবীরা রাজশাহীতে ভালো কলেজত ভর্তির আবেদন করিছে। সেও সেছব কলেজত ভর্তি হতে চায়। হামরা দিন অ্যানে দিন খাওয়া মানুষ। মেয়েটার পড়াশোনার খরচ ক্যামন করে জোগামু।’
অভাবের সংসারে প্রায়ই ঘরে খাবার থাকত না। কত দিন বিদ্যালয়ে থাকতে হয়েছে না খেয়ে, তার হিসাব নেই। তবে বন্ধ করেনি পড়াশোনা। খরচ জোগাতে শুরু করে টিউশনি। সেখান থেকে সংসারেও খরচ দিয়েছে। টিউশনি, উপবৃত্তি ও ধার করা টাকায় পড়াশোনার খরচ চালিয়ে এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জেনিয়া আক্তার। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। বৃদ্ধ বাবা কোনো কাজকর্ম করতে পারেন না। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে জেনিয়া সবার ছোট। এক ভাই মানসিক প্রতিবন্ধী। আরেক ভাই ফার্নিচারের দোকানে কাজ করেন। জেনিয়া আক্তার প্রথম আলোকে বলে, বড় হয়ে চিকিৎসক হতে চায় সে। মেয়ের পড়াশোনা যেন কোনোভাবেই বন্ধ না হয়, সেটাই চান তার বাবা আবদুল হাই।
পরিবারের সদস্যসংখ্যা ৫। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কাইছার হামিদের বাবা দেলোয়ার হোসেন। গ্রামে গ্রামে গিয়ে টিউশনি করেন তিনি। সেই টাকায় কোনোরকমে চলে সংসার। রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে কাইছার। পড়াশোনার পাশাপাশি নিজেও টিউশনি করে সে। দেলোয়ার বলেন, ‘কোনো দিন ছেলেদের মুখে ভালো খাবার, পরনে ভালো পোশাক দিতে পারিনি। নবম শ্রেণি থেকে কাইছার এলাকায় প্রাইভেট পড়ায়। এভাবেই চলছে সংসার।’
কাইছার পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়ার পাশাপাশি জেএসসিতেও বৃত্তি পেয়েছিল। গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘আমরা কাইছারের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ, বার্ষিক কোনো ফি নিতাম না। আর্থিক জোগান পেলে ভালো কিছু করতে পারবে সে।’
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া এবং প্রতিনিধি, নাটোর, নওগাঁ ও গোয়ালন্দ, রাজবাড়ী]