পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আনোয়ারা খানম (৪০)।

আজ শুক্রবার সকালে উপজেলার ভজনপুর এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ারা খানম উপজেলার শালবাহান বাজার এলাকার জহির রায়হানের স্ত্রী। তিনি শালবাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা সড়ক দুর্ঘটনায় ওই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, আজ সকালে আনোয়ারা খানম তাঁর স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি থেকে দিনাজপুরে যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়।

এতে আনোয়ারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।