
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের পিটুনিতে জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম হেলাল উদ্দিন (৫৫)। তিনি কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিনের মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া এলাকায় বাড়ি ফেরার পথে হেলালের ওপর হামলা হয়। তাঁর বাড়ি কোটবাজালিয়া গ্রামে।
নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, গতকাল রাতে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন দিক থেকে হেলাল উদ্দিনের পিঠে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সকাল ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা শাখার সদস্যসচিব ফকির ইস্কান্দার আলম বলেন, হেলাল উদ্দিন একজন ত্যাগী নেতা ছিলেন। তাঁকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, নিহতের ভাতিজার সঙ্গে মুঠোফোন চুরি–সংক্রান্ত বিষয়ে ঘটনার আগের দিন তর্কবিতর্ক হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।