
সুদের কিস্তির টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে করা মামলায় নাটোর জেলা ছাত্রলীগের সহসভাপতি রোকনুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার বিকেলে তাঁকে নাটোর সদর আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার দিবাগত রাতে রোকনুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার গোয়ালডাঙ্গা চাইপাড়া গ্রামের মুদিদোকানি আবদুস সাত্তার সরকার (৪০) ৩ মাস আগে ছাত্রলীগ নেতা রোকনুজ্জামানের কাছ থেকে সাপ্তাহিক ৫০০ টাকা সুদ প্রদানের শর্তে ৫ হাজার টাকা ঋণ নেন। আসল ৫ হাজার টাকা শোধ না হওয়ায় প্রতি সপ্তাহে তিনি ৫০০ টাকা করে দিয়ে আসছিলেন।
২৫ আগস্ট টাকা দিতে না পারায় রোকনুজ্জামান দলবল নিয়ে ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে তাঁকে বেদম মারধর করেন। ব্যবসায়ী আবদুস সাত্তার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় আবদুস সাত্তারের ছেলে সাব্বির হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এরপর শুক্রবার দিবাগত রাতে পুলিশ রোকনুজ্জামানকে গ্রেপ্তার করে। শনিবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোকনুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করছেন তাঁরা। এতে দোষী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।