কমিটিতে রয়েছেন বিয়ের প্রতিশ্রুতিতে এক নারীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে কারাগারে থাকা আসামিও।

সম্মেলন হওয়ার এক বছরের বেশি সময় পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। কমিটিতে ঠাঁই পেয়েছেন একজন মৃত ব্যক্তি। শুধু তা–ই নয়, কমিটিতে রয়েছেন যাবজ্জীবন সাজা নিয়ে কারাগারে থাকা এক আসামিও। বিষয়টি নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকেও চলছে আলোচনা–সমালোচনা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ জুন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুনরায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আজিজুল হক ও সাধারণ সম্পাদক পদে আবদুল কুদ্দুসের নাম ঘোষণা করা হয়। এরপর প্রায় ১ বছর ১ মাস পর গত ৩০ জুলাই উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। ১১৪ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সম্পাদকীয় পদে আছেন ৩৬ জন, সদস্য পদে ৩৫ জন এবং উপদেষ্টা পদে আছেন ৪৩ জন।
প্রায় চার মাস আগে প্রস্তাবিত উপজেলা কমিটির কাগজ জেলা কমিটির কাছে পাঠানো হয়। কিন্তু তখন আজাহারুল ইসলাম মারা যাননি এবং আলমগীর হোসেনেরও সাজার রায় হয়নি।আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ
নবগঠিত কমিটিতে উপদেষ্টা পদে বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম সিদ্দিকীর নাম রয়েছে। কমিটি অনুমোদনের প্রায় এক মাসে আগে তিনি মারা গেছেন। তাঁর বাড়ি ছিল উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে।
বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম সিদ্দিকীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা এনায়েত উল্লাহ। শুক্রবার দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, চলতি বছরের ২৮ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর চাচা মারা যান। উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ভুলবশত তাঁর চাচার নাম লিপিবদ্ধ করা হয়ে থাকতে পারে।
মৃত ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের কমিটিতে থাকার বিষয়টি নিয়ে ফেসবুকে নানা আলোচনা-সমালোচনাও চলছে। বৃহস্পতিবার জুয়েল রানা নামের এক যুবক তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, ‘মরহুম বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম সিদ্দিকী কাকা মৃত্যুবরণ করেন ২৮–০৬–২০২৩ ইং তারিখে। কিন্তু দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন হয় ৩০–০৭–২০২৩ ইং তারিখে। তাহলে মৃত ব্যক্তি কীভাবে কমিটিতে?’
তৃণমূলের একাধিক নেতার ভাষ্য, কমিটি ঘোষণা অথবা অনুমোদনের আগে নেতারা দায়িত্বশীলতার পরিচয় দেননি। কমিটিতে মৃত ব্যক্তি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম অন্তর্ভুক্ত করা গাফিলতি এবং উদাসীনতা প্রমাণ করে।
কমিটিতে আলমগীর হোসেন ওরফে ভিপি আলমগীরকে ১১ নম্বর সদস্য করা হয়েছে। তিনি নারী নির্যাতনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার সমেতপুর গ্রামে।
মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নুরুল হুদা রুবেল বলেন, আলমগীর হোসেন বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে এক নারীকে একাধিকবার ধর্ষণ করেন। বিয়ের নামে প্রতারণা করে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনালের বিচারক।
কমিটিতে মৃত ব্যক্তি ও সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম থাকা নিয়ে তৃণমূলের একাধিক নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের ভাষ্য, কমিটি ঘোষণা অথবা অনুমোদনের আগে নেতারা দায়িত্বশীলতার পরিচয় দেননি। কমিটিতে মৃত ব্যক্তি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম অন্তর্ভুক্ত করা গাফিলতি এবং উদাসীনতা প্রমাণ করে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত কোনো আসামি দলীয় পদে থাকার সুযোগ নেই।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, প্রায় চার মাস আগে প্রস্তাবিত উপজেলা কমিটির কাগজ জেলা কমিটির কাছে পাঠানো হয়। কিন্তু তখন আজাহারুল ইসলাম মারা যাননি এবং আলমগীর হোসেনেরও সাজার রায় হয়নি। উপজেলা কমিটি অনুমোদনের আগে জেলা কমিটিকে যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেন। কমিটিতে মৃত ব্যক্তি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির বিষয়ে গোলাম মহীউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয়ে আমি অবগত নেই। খোঁজখবর নিয়ে দেখছি।’