লুৎফুল্লাহেল মাজেদ
লুৎফুল্লাহেল মাজেদ

ময়মনসিংহ–৮

নিয়মের বাইরে খাজনা নিলে চাঁদাবাজির মামলা করার ঘোষণা নতুন সংসদ সদস্যের

নির্বাচনী এলাকার হাটবাজারে নিয়মের বাইরে খাজনা নিলেই চাঁদাবাজির মামলা করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) লুৎফুল্লাহেল মাজেদ। গতকাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তিনি।

বিএনপির এই সংসদ সদস্য পোস্ট দেওয়ার পরপরই মুহূর্তে ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজ বুধবার সকাল আটটা পর্যন্ত তাঁর পোস্টটি ১৪৭ জন শেয়ার করেছেন। নতুন সংসদ সদস্যের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন অন্তত ৮৭৭ জন।

লুৎফুল্লাহেল মাজেদ নিজের ফেসবুকে লেখেন, ‘ঈশ্বরগঞ্জের সব বাজারে খাজনার চার্ট টানিয়ে তারপর খাজনা আদায় করতে হবে। প্রান্তিক কৃষকদের খাজনা শতকরা ৫ শতাংশ নিতে হবে। সব বাজারে ব্যবসায়ীরা মিলে খাজনার ব্যাপারে ঐক্যবদ্ধ হোন। সবাই শপথ করুন, চার্ট না টানানো পর্যন্ত কেউ খাজনা দেবেন না। আর যাঁরা বাজার নিয়েছেন, কেউ যদি নিয়মের বাহিরে আদায় করেন, তাঁর নামে প্রমাণ পাওয়া মাত্র চাঁদাবাজির মামলা হবে।’

সংসদ সদস্যের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বড়হিত উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আপনার মতো জনবান্ধব নেতা পেয়ে ঈশ্বরগঞ্জবাসী সত্যিই গর্বিত। আপনার এমন জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়াতে হয়তো অনেকে আপনার বিপক্ষে চলে যাবেন। আপনার বড় শক্তি জনগণের সমর্থন ও ভালোবাসা। এগিয়ে যান, আল্লাহ ভরসা।’

এহসানুল হক আবিদ নামের একজন লিখেছেন, ‘মিনিমাম একটা টাকার নিচে খাজনাগুলো মওকুফ করা যায় কি না বাজার কমিটির কাছে বিবেচনার অনুরোধ রইল। এখনও অনেক দরিদ্র–বৃদ্ধ–অসহায় ব্যক্তি আসে বাজারে যারা দুই হালি কলা, একটা নারিকেল বা গাছের দুইটা ফল বিক্রি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করেন। শুধু ৫০ বা ১০০ টাকা বিক্রি করেই যদি ১০ টাকা খাজনা দিয়ে দিতে হয় বিষয়টা অমানবিক বটে!’

আনোয়ারুল হক নামের একজন মন্তব্য করেন, ‘আপনার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই একসাথে থেকে এই নিয়ম মেনে চলব।’