ডেঙ্গু
ডেঙ্গু

সীতাকুণ্ডে ৪৮ ঘণ্টার কম সময়ের ব্যবধানে ডেঙ্গুতে আরেক শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার পাঁচ বছরের এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশুর নাম সিরাজুল মনিরা (৫)। সে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতুলি গ্রামে এক তরুণ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরোতেই আরেক শিশুর মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, নিহত শিশু সিরাজুল মনিরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়নি। যতটুকু জানতে পেরেছেন ওই শিশুকে জ্বরে আক্রান্ত হওয়ার নির্ধারিত সময়ের পরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে একদিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীন থাকার পর শিশুটি মারা যায়।

শিশুটির প্রতিবেশী মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন ধরে তীব্র জ্বরে শিশুটি খুব দুর্বল হয়ে পড়ে। অবস্থার অবনতি হতে দেখে অভিভাবকেরা তাকে গত মঙ্গলবার চিকিৎসকের কাছে নেন। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ওই সময়ে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর পরিবারের লোকজন শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে গতকাল বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।