কাতলা মাছ দুটি বিক্রি হয় ৯৫ হাজার ৪১৫ টাকায়। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায়
কাতলা মাছ দুটি বিক্রি হয় ৯৫ হাজার ৪১৫ টাকায়। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায়

রাজবাড়ীতে পদ্মার দুই কাতলা মাছ বিক্রি হলো ৯৫ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুটি বড় কাতলা মাছ বিক্রি হয়েছে ৯৫ হাজার ৪১৫ টাকায়। শুক্রবার ভোরে মাছ দুটি পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজার থেকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে কুষ্টিয়ার এক প্রবাসীর কাছে বিক্রি করেন।

স্থানীয় জেলেরা জানান, আজ শুক্রবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় জাল ফেলেন রাজবাড়ীর বরাট অন্তারমোড় এলাকার জেলে মমিন হালদার ও বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার জেলে ইরশাদ শেখ। তাঁরা জাল ফেলে ভাসতে ভাসতে প্রায় পাঁচ–ছয় কিলোমিটার ভাটিতে ফেরিঘাট এলাকার কাছাকাছি চলে আসেন। এ সময় বুঝতে পারেন জালে বড় কিছু আটকা পড়েছে। জেলে মমিন হালদার জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ ধরা পড়েছে। পরে সেটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মণ্ডলের আড়তে।

জেলেরা আরও জানান, প্রায় একই সময়ে আরেক জেলে ইরশাদ শেখের জালেও একইভাবে ধরা পড়ে বড় আকারের একটি কাতলা। পরে তিনিও মাছটি বিক্রির জন্য রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন। এ সময় একে একে কাতলা দুটি ওজন করা হয়। বড় কাতলাটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম ও ছোট কাতলাটির ওজন ১৮ কেজি ১০০ গ্রাম। মাছ দুটি বিক্রির জন্য নিলামে তোলা হলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেন।

মাছব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকাল ৭টার দিকে তিনি রেজাউল মণ্ডলের আড়ত থেকে বড় কাতলাটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৬২ হাজার ৭০০ টাকায় কিনেন। আড়তের আরেকটি কাতলা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৯৬০ টাকায় কিনেন। মাছ দুটি কিনে বিক্রির জন্য নিয়ে আসেন তাঁর আড়তে। পরে মাছ দুটি ফেরিঘাট পন্টুনে বেঁধে রাখেন। এ সময় কুষ্টিয়ার এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে বড় কাতলাটি কেজিপ্রতি ১০০ টাকা লাভে মোট ৬৫ হাজার ৫৫০ টাকায় এবং ছোট কাতলাটি কেজিপ্রতি ৫০ টাকা লাভে মোট ২৯ হাজার ৮৬৫ টাকায় বিক্রি করেন। মাছ দুটি দুপুরের দিকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।