
খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় কোথাও দৌড় প্রতিযোগিতা হলে দর্শকদের আগ্রহে থাকে এক কিশোরী দৌড়বিদের দিকে। দৌড়ে সে সবাইকে অতিক্রম করে যায়, সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ।
দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার নেশা জিন্নাত ফাতিমা আক্তার নামের এই কিশোরীর। ২০১৮ সালে জাতীয় পর্যায়ে দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়েছে। এর পর থেকে কয়রার ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠে ফাতিমা। কয়েক বছর ধরে জেলা ও উপজেলা পর্যায়ে দৌড়ে অংশ নিয়ে প্রথম হওয়া ফাতিমার অভ্যাসে পরিণত হয়েছে।
জিন্নাত ফাতিমা আক্তার কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের মফিজুল ইসলাম মোল্লার মেয়ে। তার বয়স ১৪ বছর। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট সে।
ফাতিমার স্বপ্ন অলিম্পিক গেমসে অংশ নেওয়ার। প্রথম আলোর বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পাওয়ার। স্বপ্নপূরণের জন্য ১০ জানুয়ারি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছে ফাতিমা। সে প্রথম আলোকে বলে, ‘সুযোগ পেলে গ্রামের মেয়েরাও যে সবকিছু করতে পারে, আমি সেটাই দেখাতে চাই।’
ফাতিমা কয়রার আমাদী জায়গীরমহল তকিম উদ্দিন উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকে যেখানে সুযোগ পায়, সেখানেই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় সে।
ফাতিমার দৌড়বিদ হয়ে ওঠার পথে অন্য মেয়েদের মতো সমাজের প্রতিবন্ধকতা ছিল। প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে সকাল হলে ট্রাউজার-ট্র্যাকস্যুট পরে রাস্তায় দৌড়ের অনুশীলন করে—এটা এলাকার লোকজন ভালোভাবে দেখেন না।
ফাতিমা বলে, ‘প্রতিদিন নানাজনের নানা কটুকথা শুনতে হয়। অনেকে বলেন “হয়েছে তো মেয়ে, সে আবার ছেলেদের মতো দৌড়ায়! মেয়েদের এত লাফালাফি করা ঠিক না। মেয়েটার কোনো দিন বিয়ে হবে না। ঘরের খুঁটি করে রেখে দিতে হবে।” গত বছর যখন আমি জেলা পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নিই, তখনো গ্রামের মানুষ আমাকে অনেক কথা বলেছে। আমি কারও কথা শুনিনি। মা–বাবা আমার পাশে থাকায় আমি কারও কথা পাত্তা দিই না। দূরে কোথাও প্রতিযোগিতা হলে তাঁরা (মা–বাবা) সঙ্গে করে নিয়ে যান।’
সমাজের কুসংস্কার ও বাধা তোয়াক্কা না করে দৌড় ভালোবেসে স্বপ্নপূরণের পথে এগিয়ে চলছে অদম্য এই কিশোরী। মেয়ের সাফল্যে খুশি মা–বাবা। তবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার খরচ বহন করতে হিমশিম খেতে হয় বলে জানান ফাতিমার সবজি বিক্রেতা বাবা মফিজুল ইসলাম।
তিনি প্রথম আলোকে বলেন, ‘খুলনা ও ঢাকায় গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে অনেক খরচ। আবার এখন মেয়ে বায়না ধরেছে, বিকেএসপিতে ভর্তি হবে। এত টাকা তো আমার নাই।’
ফাতিমার বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, দৌড়ের পাশাপাশি লেখাপড়ায় বেশ মনোযোগী ফাতিমা। তার আগ্রহ প্রাধান্য দিয়ে বিদ্যালয়ে তার প্রতি আলাদাভাবে নজর দেওয়া হচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক উৎপল কুমার সানা প্রথম আলোকে বলেন, ‘ইচ্ছা থাকলে সব বাধা পেরিয়ে যাওয়া যায়—এটাই প্রমাণ করছে ফাতিমা। সে একদিন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করবে বলে প্রত্যাশা করি।’