ফরিদপুর-৪ আসনে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার বিকেলে চরভদ্রাসন উপজেলায় নিজের নির্বাচনী কার্যালয়ে
ফরিদপুর-৪ আসনে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার বিকেলে চরভদ্রাসন উপজেলায় নিজের নির্বাচনী কার্যালয়ে

ফরিদপুর-৪ আসন

বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ

ফরিদপুর-৪ আসনে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নিজের সমর্থক ও এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। আজ বুধবার বিকেলে চরভদ্রাসন উপজেলায় নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেছেন।

মুজাহিদ বেগ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে মোট আটজন প্রার্থী থাকলেও বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জামায়াতের প্রার্থী মাওলানা মো. সারোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

সংবাদ সম্মেলনে মুজাহিদ বেগ বলেন, ‘আমার আসনের নির্বাচনের মাঠ খুবই উত্তপ্ত। প্রতিদিন আমার সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের একটি হাসপাতালেও বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন বাড়িতে গভীর রাতে সশস্ত্র অবস্থায় ডিবি পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া আমাদের কর্মীরা যাতে ঘর থেকে বের হতে না পারে, সে জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।’

জীবনের শঙ্কা আছে দাবি করে মুজাহিদ বেগ বলেন, ‘নারী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। পুরুষ কর্মীদের রাতে তুলে নেওয়া হচ্ছে। নির্বাচনের পর কেউ ঘরে থাকতে পারবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আমরা জীবনের শঙ্কায় আছি।’ এ সময় তিনি গুপ্ত হামলারও আশঙ্কা প্রকাশ করেন।

ফুটবল প্রতীকের এই প্রার্থী অভিযোগ করে বলেন, ‘আমাদের কোনো এজেন্ট যেন কেন্দ্রে না যেতে পারে, তার জন্য যা যা করার, সেই ব্যবস্থা করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা আমার কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসছে, আমি যেন এজেন্ট দিতে না পারি।’ এ সময় সদরপুরের কৃষ্ণনগর ইউনিয়নের সব কেন্দ্র, ভাঙ্গা উপজেলার মহেশ্বরদি মৌজার কেন্দ্র, ভাঙ্গা সদরের সব কেন্দ্র, আজিমনগর ইউনিয়নের সব কেন্দ্র, চরভদ্রাসন সদর ও হরিরামপুর ইউনিয়নের সব কেন্দ্র ও চরাঞ্চলের সব কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করে মুজাহিদ বেগ বলেন, ফরিদপুর-৪ আসনে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে নির্বাচন নিরপেক্ষ করা কোনোভাবেই সম্ভব নয়। আশা করছেন, প্রশাসন স্বচ্ছ ও নিরপেক্ষ থেকে সবার জন্য সমানভাবে ইতিহাসের সেরা নির্বাচন করার ব্যবস্থা করবে।