নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে এক নির্বাচনী সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য সেলিম ওসমান। শুক্রবার বিকেলে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে এক নির্বাচনী সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য সেলিম ওসমান। শুক্রবার বিকেলে

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে শান্তিতে থাকতে পারবেন না: সেলিম ওসমান

শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে না পারলে বাড়িতে শান্তিতে থাকতে পারবেন না। অন্যথায় আবার আলবদর-রাজাকাররা দেশটাকে দখল করে নেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য সেলিম ওসমান। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

সেলিম ওসমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবার যদি প্রধানমন্ত্রী বানাতে না পারেন, আপনারা বাড়িতে শান্তিতে থাকতে পারবেন না। আবারও আলবদর, রাজাকাররা এই দেশকে দখল করে নেবে।’ তিনি বলেন, ‘তারা বঙ্গবন্ধুকে হত্যা করে ২১ বছর দেশটাকে দখল করে ছিল। আপনারা “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” স্লোগান দিতে পারেননি। আজকে আপনারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। এটা কিন্তু আপনারা পাবেন না।’

সেলিম ওসমান আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে এবার নৌকা মার্কা চেয়েছিলাম। আমি আশা করেছিলাম, নৌকা পাব। কিন্তু আমার জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছিল। এতে অনেকেই অবাক হয়েছেন।’ তিনি বলেন, ‘নৌকা না পেলেও কোনো দুঃখ নেই। এই নারায়ণগঞ্জে আমার দাদার বাড়ি বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম। আমি সব সময় চাইতাম এই আসনে নৌকা হোক। আমার বড় ভাই চারবার লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করেছেন, আমি দুইবার লাঙ্গল মার্কা নিয়ে পাস করেছি। আল্লাহ যদি চান, আবারও লাঙ্গলে পাস করব। এরপর আর লাঙ্গলের দরকার নেই, বঙ্গবন্ধুর যে মার্কা, নৌকা মার্কা যেন নারায়ণগঞ্জে দেন।’

সেলিম ওসমান বলেন, ‘বন্দরের মানুষ আর কিছুই চায় না, শুধু গ্যাস চায়। গ্যাসের জন্য আপনারা রাগ করবেন না। সারা বাংলাদেশে গ্যাস নেই। যতটুকু গ্যাস ছিল তা দিয়ে সার উৎপাদন করা হচ্ছে। বাতি জ্বালাতে হচ্ছে।’ তিনি বলেন, ‘আজকে বরিশালে একটার পর একটা গ্যাসের খনি পাচ্ছি। এই গ্যাস যাবে কোথায়? এই গ্যাস যদি আমরা উত্তোলন করতে পারি, দুই শ বছরেও বাংলাদেশের গ্যাসের অভাবে হবে না। জননেত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনেন, আমাদের কোনো কিছুরই অভাব থাকবে না।’

সেলিম ওসমান আরও বলেন, ‘আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা দুই ভাই (শামীম ওসমান ও সেলিম ওসমান) যেভাবে উন্নয়ন করে গেছি, বাংলাদেশের কোনো এমপি সেভাবে উন্নয়ন করতে পারেননি। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন একজন স্বেচ্ছাসেবী যদি ২৫ জন করে ভোটার কেন্দ্রে নিয়ে আসেন, তাহলে ৬০, ৮০ ও ১০০ পার্সেন্ট ভোট কাস্ট হবে।’