মৌলভীবাজারের কমলগঞ্জে বিল রিডিং করতে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মী (রিডার) এম এ রায়হান হামলার শিকার হয়েছেন। লোডশেডিং ও বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে বাগ্বিতণ্ডা থেকে কয়েক গ্রাহক এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট এলাকায় হামলার শিকার হন এম এ রায়হান। গুরুতর আহত মিটার রিডার কাম মেসেঞ্জার রায়হানকে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, এম এ রায়হান গতকাল সকালে ছয়কুট গ্রামের আবদুল লতিফ ও খতিব মিয়ার বাড়িতে বিল রিডিংয়ের জন্য যান। সেখানে ‘অতিরিক্ত’ বিদ্যুৎ বিল আসা ও বারবার লোডশেডিং হওয়া নিয়ে রায়হানের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এরপর তিনি এখান থেকে চলে যান পাশের বাড়িতে। সেখানে লতিফ মিয়া ও খতিব মিয়া গিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রায়হানের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আহত রায়হানকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মীর গোলাম ফারুক বলেন, উপজেলার মুন্সীবাজার অভিযোগকেন্দ্রের আওতায় কাজ করেন মিটার রিডার কাম মেসেঞ্জার এম এ রায়হান। লোডশেডিং সম্পর্কে তাঁর কোনো কিছু জানার বা বলার নেই। অভিযুক্ত গ্রাহকদের তাঁর ওপর এভাবে আক্রমণ করা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। রাতেই অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।
এ বিষয়ে আসামি লতিফ ও খতিব মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকার বাসিন্দারা বলছেন, মাসে অতিরিক্ত বিল ও অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।