
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালের পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিলক খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের নাম ছোটন কুমার দাস (৩৫)। তিনি পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জমিদারটিলা এলাকার রণজিত কুমার দাশের ছেলে। বাড়ির পাশেই ছোটন কুমারের একটি মুদিদোকান আছে।
পুলিশ জানায়, গতকাল বিকেল থেকে ছোটন কুমারের দোকান বন্ধ ছিল। তখন থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল রাতে স্থানীয় লোকজন শিলক খালের পাড়ে ছোটন কুমারের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুশফিকুর রহমান বলেন, লাশে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।