
চট্টগ্রামে শোভাযাত্রা, সমাবেশ, লাল পতাকা মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে আজ শুক্রবার পালিত হয়েছে মহান মে দিবস। এসব কর্মসূচিতে ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলেছেন শ্রমিকেরা। কর্মসূচিতে শ্রমিকনেতারা বলেন, শ্রমিকের শ্রম ও ঘামের যথাযথ মূল্যায়ন ছাড়া কোনো শিল্প বা রাষ্ট্র টেকসইভাবে এগিয়ে যেতে পারে না। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)
মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা। নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চা–বাগান, জাহাজভাঙাশিল্প, নির্মাণ, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটর, স্বাস্থ্য, পরিবহন, গার্মেন্টস, হোটেল-রেস্তোরাঁ, মৎস্য, আবাসিক হোটেল, দোকান কর্মচারী, বিউটি পারলার, স্টিল খাতসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন খাতে শ্রমিকেরা এখনো ন্যূনতম অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত। অনেক ক্ষেত্রে শ্রম আইন বাস্তবায়নে গাফিলতি রয়েছে। ফলে শ্রমিকদের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়ছে। মজুরি কাঠামো পুনর্বিন্যাস, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা জোরদার এবং দুর্ঘটনার দায় নির্ধারণে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত না হলে ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গড়ে ওঠা সম্ভব নয়।
বিভাগীয় শ্রম দপ্তর
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বিভাগীয় শ্রম দপ্তর। যৌথভাবে এ আয়োজনে যুক্ত ছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্র।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। আলোচনায় সভায় আরও বক্তব্য দেন নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা এখনই নিশ্চিত করতে হবে। টেকসই শিল্পায়ন গড়তে নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। দুর্ঘটনা ঠেকাতে মালিক ও শ্রমিককে সমন্বিতভাবে কাজ করতে হবে। মহান মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকের মর্যাদা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন
মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা ও সমাবেশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। আজ সকালে নগরের চেরাগী পাহাড় এলাকায় সমাবেশ করেন তাঁরা। এতে উপস্থিত ছিলেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার প্রমুখ।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতারা বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় কর্মরত অনেকেই এখনো নির্যাতিত এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। তাঁদের পেশাগত সুরক্ষা এবং ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম নগর শাখা। সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা উৎখাতে শ্রমিকেরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
ফেডারেশনের চট্টগ্রাম শাখার সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, জাতীয় শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন।
প্রসঙ্গত, শ্রমিক শ্রেণির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই মে দিবসের জন্ম। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট আন্দোলনে আট ঘণ্টা কর্মদিবসের দাবির আন্দোলন রক্তাক্ত ঘটনায় পরিণত হয়। এ ঘটনাই পরবর্তীকালে শ্রমিক দিবস প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে। ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিশ্বজুড়ে আজ দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’।