অন্যের ওপর নির্ভরশীল হতে চান না প্রতিবন্ধী কাওসার

প্রতিবন্ধী কাওসার ম‌ল্লিকের দোকানে অল্প দামে খাবার পাওয়া যায়
ছবি: প্রথম আলো

কুয়াশায় ঘেরা সকাল। প‌লি‌থি‌নের ছাউনির নি‌চে মা‌টির চু‌লায় তৈ‌রি হ‌চ্ছে গরম গরম আটার রু‌টি। রু‌টি তৈ‌রি কর‌ছেন মো. আজিজ নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি। তাঁকে সহ‌যো‌গিতা কর‌ছেন তাঁরই সমবয়সী মো. মু‌জিবর। পাশেই কিছুটা উঁচু স্থা‌নে ডাল, ভা‌জি, ডিম ও খিচু‌ড়ি ‌নি‌য়ে ব‌সে আছেন অস্থায়ী এই খাবারের দোকানের মা‌লিক মো. কাওসার ম‌ল্লিক। ৩৫ বছরের এই যুবক খর্বাকৃ‌তির। তিনি হাঁট‌তে পা‌রেন না। তাই একই স্থা‌নে ব‌সে খাবার প‌রি‌বেশন ক‌রেন।

মোংলা নদী পে‌রি‌য়ে দ‌ক্ষিণ প্রা‌ন্তে মামার ঘা‌টে এসে পৌঁছা‌নোর পর বাঁ দি‌কে কিছুটা এগিয়ে গেলেই কাওসারের দোকানটি চোখে পড়বে। অল্প দামে এই দোকানে খাবার মেলে। তাই মূলত শ্রমজীবী মানুষই কাওসারের মূল ক্রেতা। স্ত্রী, এক ছেলে ও মেয়ে নিয়ে কাওসার থাকেন মোংলার নার‌কেল আবাসন প্রক‌ল্প এলাকায়। তবে কাওসারের আদিনিবাস খুলনার দা‌কোপ উপ‌জেলার বা‌ণীশান্তা ইউনিয়‌নের আমতলা গ্রা‌মে।

খাবার প‌রি‌বেশন কর‌তে কর‌তেই জীব‌নের গল্প শোনালেন কাওসার। ‌তিন ভাইবো‌নের ম‌ধ্যে কাওসার মে‌জ। শারী‌রিক প্রতিবন্ধকতা নি‌য়েই কাওসার জন্মগ্রহণ করেন। হতদ‌রিদ্র প‌রিবারে জন্ম নেওয়ার কারণে খে‌য়ে না–খেয়ে শৈশব কেটেছে কাওসারের। আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ছোট বয়সেই তাঁরা সপ‌রিবা‌র মোংলায় চ‌লে আসেন। অল্প বয়সে বাবাকে হারানোয় কৈশোরে কিছুদিন ভিক্ষাও করেছেন কাওসার। তবে অন্যের ওপর নির্ভরশীল হ‌য়ে তি‌নি আর থাক‌তে চাইলেন না। তাই ১৪ বছর বয়‌সে কাওসার দ‌রজির কাজ শে‌খেন। তবে অস্বাভাবিক শারীরিক গঠন আর হাঁটাচলা না কর‌তে পারায় তাঁর পক্ষে দরজি হওয়া সম্ভব হয়‌নি। এরপর কাওসার মোংলার মাদ্রাসা সড়‌কের এক‌টি ভা‌তের হো‌টে‌লে কাজ নেন। সেখা‌নে প্রায় চার বছর বাবু‌র্চি হি‌সে‌বে কাজ করে‌ছেন। তবে সুখ বেশি দিন কাওসারের ভাগ্যে ছিল না। কিছুদিনের মধ্যে শারী‌রিক অবস্থার অব‌নতি হ‌লে কাওসার ওই কাজ ছে‌ড়ে গ্রামে ফিরে যে‌তে বাধ্য হন।

কাওসার বলেন, গ্রামে ফিরে গেলেও তিনি প‌রিবা‌রের জন্য বোঝা হয়ে থাকতে চাননি। এলাকাবাসীর কাছ থে‌কে সাহায্য–সহ‌যো‌গিতা নি‌য়ে তিনি ছোট্ট এক‌টি চা‌য়ের দোকান দেন। শুরুতে চার–পাঁচটা চা‌য়ের কাপ, এক‌টি কে‌টলি ও ফ্লাস্ক নি‌য়ে ওই ব্যবসা শুরু করেন। ধী‌রে ধী‌রে লা‌ভের টাকা দি‌য়ে বিস্কুট, পান, সিগা‌রেটও বিক্রি করেন ক‌য়েক বছর।

সব খরচ বাদ দি‌য়ে প্রতি মা‌সে কাওসারের গ‌ড়ে আয় হয় ১৫ হাজার টাকা

চায়ের দোকানে মোটামুটি লাভ আসতে থাকায় বড় কিছু করার পরিকল্পনা করেন কাওসার। তাই গ্রামের দোকা‌নটি বন্ধ ক‌রে দি‌য়ে আবা‌র ফি‌রে আসেন মোংলায়। সেখানে বন্দর কর্তৃপ‌ক্ষের কাছ থে‌কে অনুম‌তি নি‌য়ে বছর পাঁচেক আগে মোংলার মামার ঘাটের সঙ্গে যুক্ত মে‌রিন ড্রাইভ সড়‌কের পা‌শে বাঁশের খুঁ‌টি ও প‌লি‌থি‌নের একচালার নিচে চালু করেন খাবারের দোকান। কাওসার বলেন, ‌নি‌জে চলাফেরা করতে না পারায় কাজের সুবিধার্থে দুজন‌কে নি‌য়োগ দেন তিনি। এই দোকান চালিয়ে তিনি স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি দুজন বৃদ্ধের উপার্জনের সু‌যোগ ক‌রে দিতে পে‌রে খুবই আন‌ন্দিত তিনি। সব খরচ বাদ দি‌য়ে প্রতি মা‌সে কাওসারের গ‌ড়ে আয় হয় ১৫ হাজার টাকা, যা দি‌য়ে তাঁর প‌রিবার বেশ ভালোই চলছে।

কাওসারের হোটেলে কাজের সুযোগ পেয়ে আজিজও সন্তুষ্ট। তিনি ব‌লেন, ‘বয়‌সের ভা‌রে আমরা এখন আর ক‌ষ্টের কাজ করতে পারি না। প‌রিবা‌রের বোঝা হ‌য়ে ছিলাম অনেক দিন। কিন্তু কাওছারের এমন উদ্যো‌গে আমরাও এখন মাস শে‌ষে অন্তত চলার মতো টাকা উপার্জন কর‌তে পার‌ছি।’

কাওসারের ছেলের বয়স ১৪ বছ‌র। আর্থিক টানাপোড়নে ছেলেকে পড়াশোনা করাতে পারেননি কাওসার। এ নিয়ে তাঁর আক্ষেপের শেষ নেই। ত‌বে চার বছরের মে‌য়ে‌কে নি‌য়ে তাঁর অনেক স্বপ্ন আছে। তবে নিজের প্রচেষ্টাতেই স্বপ্ন পূরণ করতে চান কাওসার। তিনি বলেন, ‘আমা‌রে দেই‌খা অনেকেই আসে। আমা‌রে সাহায্যও কর‌তে চায়। কিন্তু আমি আর কা‌রও সাহায্য চাই না। আমি চলা‌ফেরা না কর‌তে পার‌লেও আপনা‌গো দোয়ায় এহন সাবল‌ম্বী। ভা‌লোই আছি। আমার এইনে দুইজন লোক‌রে কা‌জের ব্যবস্থাও কই‌রা দি‌ছি। আমি আমার ম‌তো প্রতিব‌ন্ধি‌গো বল‌তে চাই, তারা অন্যের কা‌ছে হাত না পাইতা নি‌জে কিছু শুরু করুক।’