ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নিখোঁজের এক দিন পর চার বছর বয়সী এক শিশুর কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শিশুটি ধর্মগড় ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। এর আগে গতকাল বুধবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন একটি ভুট্টাখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্বজনেরা গিয়ে মরদেহটিকে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গতকাল দুপুরে শিশুটিকে ওই কিশোর ভুট্টাখেতের দিকে নিয়ে যাচ্ছিল বলে দেখেছেন।
ওসি আরও বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে ওই কিশোর। তবে ধর্ষণের বিষয়ে সে কোনো তথ্য জানায়নি। স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।