চুয়েটের দুই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। তাঁর নাম শফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়েটের প্রধান ফটকসংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।

ঘটনার শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেন, সন্ধ্যায় মামা রেস্তোরাঁয় নাশতা করার সময় পাশের টেবিল থেকে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য। এরপর সেখান থেকে বেরিয়ে আসার পরও উত্ত্যক্ত করার চেষ্টা করেন তিনি।

বিষয়টি জানার পর সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে ফাঁড়ি ও রাউজান থানার পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শফিকুলকে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা সেখানে উপস্থিত হয়ে পুলিশ ও অভিযোগকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।’

জানতে চাইলে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, অভিযোগকারী ছাত্রীরা ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের উপস্থিতিতে পুলিশ সুপার, চট্টগ্রাম বরাবর শাস্তির আবেদন করেছেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।