যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত

সাড়ে ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

যশোর সদর উপজেলার সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা
ছবি: প্রথম আলো

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। যশোর সদর উপজেলার সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে সাত ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে আজ ভোর পৌনে চারটা থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় ওই পথে চলাচল করা আটটি ট্রেন আটকে যাওয়ায় কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। দুর্ঘটনার পর একটি ওয়াগন থেকে তেল বের হতে দেখা যায়।

যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. আয়নাল হাসান বলেন, বগি লাইনচ্যুত হওয়া ট্রেনটি তেল নিয়ে খুলনা থেকে নাটোরে যাচ্ছিল। আজ ভোর পৌনে চারটার দিকে সিঙ্গিয়া রেলস্টেশন থেকে একটু দূরে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

যশোর রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন এলাকায় বানিয়ারগাতি রেলক্রসিং পৌঁছলে দুটি বগি লাইনচ্যুত হয়। এই কারণে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বগি লাইনচ্যুত হওয়ার পর খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী গোয়ালন্দ মেইল ট্রেন, বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট মেইল এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস নামের আটটি ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী।