সিলেটের গোয়াবাড়ি এলাকার একটি চা–বাগানে বেড়াতে গিয়ে এক তরুণী উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সেই ভিডিও পোস্ট করেছেন।
ওই তরুণী ঢাকার বাসিন্দা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল শনিবার ওই তরুণীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ওই তরুণী একটি চা–বাগান এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এ সময় একদল তরুণ তাঁকে অনুসরণ করছিলেন। তাঁরা তাঁকে উত্ত্যক্ত করছিলেন। প্রায় এক কিলোমিটার পথ অনুসরণ করে তাঁকে নানাভাবে তাঁরা উত্ত্যক্ত করেন। তরুণীর সঙ্গে দুই ছোট বোনও ছিল।
ওই তরুণীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে এটা চলতে থাকলেও আশপাশে উপস্থিত কেউ এর প্রতিবাদ বা হস্তক্ষেপ করেননি। এতে তাঁর ছোট দুই বোন মানসিকভাবে ভীত ও বিব্রত হয়ে পড়েছে। ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এভাবেই কি সিলেটে অতিথিদের স্বাগত জানানো হয়? আমি আর কাউকে গর্ব করে সিলেট ভ্রমণের পরামর্শ দিতে পারব না।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ভিডিওটি তাঁদের নজরে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।