
খেলনা বিক্রি শেষে বাড়ি ফিরছিল মো. জসিম আলী (১৩) ও মারুফ হোসেন (১২)। রাজশাহী নগরের সিটিহাট এলাকায় তাদের পথ রোধ করে চার মোটরসাইকেলে থাকা আট তরুণ। কৌশলে দুই শিশুকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে ওই তরুণেরা। পরে জসিমের মহাজন মনিরুল ইসলামকে (৪০) ফোন দিয়ে অপহরণকারী ব্যক্তিরা মুক্তিপণ দাবি করেন। মনিরুল এ বিষয়ে থানায় অভিযোগ জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার হয়েছে। এর আগে গতকাল দুপুরে রাজশাহী নগরের সিটিহাট এলাকা থেকে দুই শিশুকে অপহরণ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহী নগরের খিরশিন টিকর এলাকার মো. রাজু ইসলাম (২৬), একই এলাকার মো. সজিবুল ইসলাম (২৬), মো. মোখলেসুর রহমান (২৬) ও মো. শাকিল (২৩)।
এ ঘটনায় নগরের শাহ মখদুম মডেল থানায় মামলা করেন চাঁপাইনবাগঞ্জের নাচোলের বাসিন্দা ও ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪০)। গতকাল রাতে মনিরুল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন। আজ সকালে অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রেকর্ড করা হয়। অপহরণের শিকার দুই শিশু হলো চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকার হাবিবুর রহমানের ছেলে জসিম আলী ও রাজশাহীর তানোরের মাসুদ রানার ছেলে মারুফ হোসেন। মনিরুলের কাছ থেকে খেলনা কিনে জসিম রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করত।
পুলিশ জানিয়েছে, জসিম কয়েক বছর ধরে শিশুদের খেলনা ও কসমেটিকস বিক্রি করে। গত বুধবার সে নগরের খড়খড়ি বাইপাস এলাকায় একটি ওরশ অনুষ্ঠানের সামনে খেলনা বিক্রি করতে যায়। জসিমকে সহযোগিতা করতে সেখানে যায় বন্ধু মারুফ। গতকাল দুপুরে খড়খড়ি বাইপাস এলাকা থেকে ফেরার সময় নগরের সিটিহাট এলাকায় কয়েকজন তরুণ জসিম ও মারুফকে জোর করে মোটরসাইকেলে তুলে নেন। পরে অপহরণকারী ব্যক্তিরা মনিরুলকে কল দিয়ে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
এমন ফোন পেয়ে মনিরুল তৎক্ষণাৎ বিষয়টি শাহমখদুম থানার পুলিশকে জানান। অপহরণকারী ব্যক্তিরা কখনো মনিরুলকে খড়খড়ি বাইপাস, কখনো পবা উপজেলার রামচন্দ্রপুর আবার কখনো সিটিহাট এলাকায় মুক্তিপণের টাকা নিয়ে যেতে বলেন। অপহরণকারী ব্যক্তিরা বারবার মুঠোফোন বন্ধ করে দিচ্ছিল। সন্ধ্যা ছয়টা দিকে পুলিশ এই অভিযোগের বিষয়ে অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের বালাম এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জসিম বলে, তার বাবা একজন কৃষক। তারা দুই ভাই-বোন। পরিবারের অবস্থা ভালো না হওয়ায় সে খেলনা বিক্রি করে। আর্থিক অসচ্ছলতার কারণে সে পড়াশোনাও করেনি। জসিমের দাবি, যাঁরা তাদের অপহরণ করেছিলেন, তাঁরা কয়েক দিন ধরে তাদের অনুসরণ করছিলেন। নানা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। পরে গতকাল দুপুরে ভয় দেখিয়ে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নেওয়া হয়। এরপর তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়।
মারুফ বলে, সে তানোরে একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। জসিমের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। খড়খড়ি বাইপাস এলাকার ওরশ অনুষ্ঠানে খেলনা বেচাকেনায় সাহায্য করার জন্য জসিম তাকে আসতে বলেছিল। জসিমের কথামতো সে এসেছিল।
শাহ মখদুম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গতকাল সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর থেকে অভিযান চালিয়ে চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপহরণের শিকার দুই শিশুর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।