ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ওই কিশোরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে পাগলা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। এতে ওই কিশোরকে আসামি করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোর গত ২৫ এপ্রিল দুপুরে শিশুটিকে টেলিভিশন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে ২৭ এপ্রিল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দুই দিন চিকিৎসা নিয়ে ২৯ এপ্রিল ছাড়া পায়। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়ার পর শিশুর পরিবারকে স্থানীয়ভাবে সালিস মীমাংসা করে দেওয়া আশ্বাস দেওয়া হয় এবং থানায় যেতে নিষেধ করা হয়। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরে গতকাল শিশুটির বাবা থানায় গিয়ে মামলা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত কিশোর চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেছিল। কিন্তু পুলিশের তৎপরতার মুখে পুনরায় সে এলাকায় ফিরে আসে। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।