
কবুতর পোষার শখ ছিল তাঁর। শখের বশে তাই বৈদ্যুতিক তারে বসে থাকা একটি বুনো কবুতর ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু কবুতরে হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কবুতরসহ আছড়ে পড়েন মাটিতে। মুহূর্তেই মারা যান তিনি। প্রাণ যায় কবুতরটিরও।
আজ শুক্রবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার বনলতা কারখানায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া তরুণের নাম তারেক বাবু (১৯)। তিনি ওই কারখানার নৈশপ্রহরী ছিলেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে তাঁর বাড়ি।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, আজ ভোরে দায়িত্ব পালনকালে কারখানার উত্তর পাশের বৈদ্যুতিক তারে একটি বুনো কবুতর বসে থাকতে দেখেন তারেক বাবু। কারও সঙ্গে পরামর্শ না করেই তিনি বৈদ্যুতিক খুঁটিতে উঠে তারে বসে থাকা কবুতরটি ধরে ফেলেন। কিন্তু মুহূর্তেই তিনি বিদ্যুতায়িত হয়ে কবুতর হাতে নিয়ে মাটিতে আছড়ে পড়েন। এ সময় তিনি ও তাঁর হাতে থাকা কবুতরটি মারা যায়। শব্দ শুনে কারখানার অন্য কর্মচারীরা ছুটে এসে তাঁর মৃতদেহ দেখতে পান। পরে বড়াইগ্রাম থানা থেকে পুলিশ ঘটনাস্থল এসে লাশ হেফাজতে নেয়।
কারখানার শ্রমিক আজিজুর রহমান জানান, তারেক বাবুর কবুতর পোষার শখ ছিল। কবুতরটি বৈদ্যুতিক লাইনের যে তারে বসেছিল তাতে বিদ্যুৎ থাকার কথা ছিল না। তাই হয় তো তিনি কবুতরটি ধরতে গিয়েছিলেন। শব্দ শুনে সবাই ঘটনাস্থলে গিয়ে দেখেন, তারেক বাবুর লাশের পাশেই কবুতরটি মৃত অবস্থায় পড়ে আছে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, তারেক বাবু লোহার রড বেয়ে কবুতরটি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবুও মরদেহের ময়নাতদন্ত করা হবে কি না, তা জানতে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।